ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলে দাম কমায় দেশে তেলের দাম কমানো হয়েছে। একইসঙ্গে ডিজেলচালিত যানবাহনের ভাড়া প্রতি কিলোমিটারে ৭ পয়সা কমানোর নির্দেশনা দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।
প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৫৫ টাকা থেকে ৭ টাকা কমিয়ে ৪৮ টাকা, পেট্রোল ৮৭ টাকা থেকে ৯ টাকা কমিয়ে ৭৮ টাকা এবং অকটেন ৯০ থেকে ১০ টাকা কমিয়ে ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার রাত ১২টা থেকে এ দাম কার্যকর হবে।
এই হিসাবে ডিজেল ও কেরোসিনের দাম ১২ দশমিক ৭২ শতাংশ, পেট্রোলের ১০ দশমিক ৩৪ শতাংশ এবং অকটেনের দাম ১১ দশমিক ১১ শতাংশ কমেছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম রোববার তথ্য অধিদপ্তরে জ্বালানি তেলের দাম কমানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন। এর আগে প্রধান উপদেষ্টা এ প্রস্তাব অনুমোদন করেন।
অর্থনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেশ খানিকটা কমে আসায় সরকার দাম কমানোর এ ঘোষণা দিল।
এর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গত ৩০ জুন তেলের দাম বাড়ায় সরকার। ১ জুলাই থেকে বর্ধিত দাম কার্যকর করা হয়। ওই সময় প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৪০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা, পেট্রোল ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮৭ টাকা এবং অকটেন ৬৭ টাকা থেকে বাড়িয়ে ৯০ টাকা করা হয়।
তখন সরকারের তরফ থেকে বলা হয়, দাম পুনর্র্নিধারণ করতে সরকার বাধ্য হলো।
গত ৩০ জুন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেল ১৪২ ডলারে বিক্রি হয়। দাম ক্রমান্বয়ে কমে এসে রোববার প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ৬২ দশমিক ০৫ ডলারে।
জ্বালানি মন্ত্রণালয়ের হিসাবে বর্তমানে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদা বছরে প্রায় ৪০ লাখ টন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এডি/এএল/জেকে/এসকে/১৭৫৮ঘ.
bdnews24