চাঁদপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈরী আবহাওয়ার কারণে চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল শনিবার রাত থেকে বন্ধ রয়েছে।
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সারাদেশেই বৃষ্টি হচ্ছে। তিনটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিওটিএ) কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈরী আবহাওয়ার কারণে শনিবার রাত ৯টার পর থেকে চাঁদপুরের সঙ্গে সব রুটে নৌ-চলাচল বন্ধ রয়েছে। চাঁদপুর নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সঙ্কেত দেখানো হচ্ছে।"
চাঁদপুর নদীবন্দরের সহকারী পরিচালক রেজাউল করিম আরও বলেন, "চাঁদপুর থেকে তিনটি রুটে- নারায়ণগঞ্জ, ঢাকা ও শরীয়তপুরে লঞ্চ চলাচল করে। এছাড়া ঢাকা-দক্ষিণাঞ্চল রুটের বেশ কিছু লঞ্চ চাঁদপুর ঘাটে যাত্রাবিরতি দেয়।"
তিনি জানান, রোববারও চাঁদপুর থেকে কোনও লঞ্চ ছাড়েনি। বৈরী আবহাওয়ার কারণে ১০টি লঞ্চ ঘাটে ভিড়ে রয়েছে। পরবর্তী নির্দেশ এলে এসব নৌ-যান নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.
bdnews24