ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- আগামী ৫ বছরে সব বাংলাদেশী কর্মীকে আফগানিস্তান থেকে ফিরিয়ে আনবে ব্র্যাক।
বাংলাদেশের অন্যতম বৃহত্তম এ বেসরকারি সংস্থার একজন নির্বাহী পরিচালক (বিদেশি কর্মসূচী) আমিনুল আলম রোববার সাংবাদিকদের একথা বলেন।
অতিসম্প্রতি মোহাম্মদ শাহজাহান ও আখতার আলী নামে দুজন কর্মকর্তা বন্দুকধারীদের হাতে অপহৃত হওয়ার পর ব্র্যাক এ সিদ্ধান্ত নিলো।
আমিনুল আলম বলেন, "এর আগে নূর ইসলাম অপহৃত হওয়ার সময় বাংলাদেশের ৩৯২ জন কর্মী ছিলেন আফগানিস্তানে। ওই ঘটনার পর আমরা এ সংখ্যা ১৫০ এ নামিয়ে আনি।"
পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে কথা বলার পর আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আগামী পাঁচ বছরের মধ্যে ১৫০ জন বাংলাদেশীর সবাইকে ফিরিয়ে আনবো।"
আমিনুল আরও বলেন, আফগান কর্মীরা প্রতিষ্ঠানের কর্মসূচি চালাতে সক্ষম হবে এটা নিশ্চিত করেই ব্র্যাক ওই দেশ ছাড়তে চায়। তিনি বলেন, "আমরা তাদের এজন্য দক্ষ করে তুলতে চাই।"
বাংলাদেশী কর্মীরা চলে আসার পরও একজন বাংলাদেশী আফগান ব্র্যাকের প্রধান হিসেবে সেদেশে রয়ে যাবেন বলে জানান তিনি।
ব্র্যাক নির্বাহী পরিচালক জানান, আফগানিস্তানে ব্র্যাকের প্রতিটি বাংলাদেশী কর্মীর দুবছর থাকার কথা। কিন্তু আফগান জনগণের বন্ধুত্বপূর্ণ আচরণের কারণে বাংলাদেশীরা সেখানে তাদের মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান করতে চান।
আমিনুল আলম ও ব্র্যাকের জনসংযোগ বিভাগের পরিচালক আনোয়ারুল হক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে ব্র্যাকের অপহৃত দুই কর্মীকে উদ্ধারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
গত বছর ১২ সেপ্টেম্বর আফগানিস্তানে আব্দুল আলীম নামে এক ব্র্যাক কর্মকর্তা অজ্ঞাত পরিচয় বন্ধুকধারীর গুলিতে নিহত হন। এরই মাত্র ৩ দিন পর নুরুল ইসলাম নামে আরেকজন কর্মকর্তাকে অপহরণ করে বন্ধুকধারীরা। অপহরণের ৮৩ দিন পর তাকে উদ্ধার করা হয়।
ব্র্যাক জানায়, ২০০২ থেকে গৃহযুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান পুনর্গঠনে ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রগুলোতে তারা কাজ করছে। এছাড়া সড়ক, বিদ্যালয় ও হাসপাতাল নির্মাণের মতো উন্নয়ন কাজেও তাদের সম্পৃক্ততা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসকে/১৮২১ঘ.
bdnews24