২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল ও সাতক্ষীরায় চারজন নিহত

টাঙ্গাইল ও সাতক্ষীরায় শনিবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন। আর সকালে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের চালতেবাড়িয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 05:31 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল ও সাতক্ষীরায় শনিবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন। আর সকালে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের চালতেবাড়িয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, অ্যাম্বুলেন্সটি টাঙ্গাইল শহর থেকে রোগী নিয়ে সাভার যাচ্ছিল। পথে মির্জাপুর উপজেলার শুভুল্লা ছয়দানা এলাকায় উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স আরোহী বাসাইল উপজেলা সদরের দেবেন্দ্র সরকার (৬০), তার স্ত্রী দেবতারা সরকার (৪৮) ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান তাদের ছেলে হরেকৃষ্ণ সরকার (৩০)। আহত পাঁচজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু'জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের চালতেবাড়িয়া এলাকায় শনিবার সকালে আব্দুর ছাত্তার (২৮) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হন। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দীন জানান, সকালে বৃষ্টির মধ্যে নিজের চিংড়ি ঘের থেকে ফেরার পথে আব্দুর ছাত্তার মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আব্দুর ছাত্তার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের মোবারেক আলী সরদারের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩৫ ঘ.