২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গঠনতন্ত্র সংশোধন করলেও জামায়াত পাকিস্তান প্রতিষ্ঠার স্বপ্ন দেখে: একে খন্দকার

দলের গঠনতন্ত্র সংশোধন করে মুক্তিযুদ্ধ স্বীকার করে নিলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী এখনও পাকিস্তান প্রতিষ্ঠার স্বপ্ন দেখে বলে মন্তব্য করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 02:49 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

পাবনা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলের গঠনতন্ত্র সংশোধন করে মুক্তিযুদ্ধ স্বীকার করে নিলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী এখনও পাকিস্তান প্রতিষ্ঠার স্বপ্ন দেখে বলে মন্তব্য করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার। তিনি বলেন, "জামায়াত ভণ্ড ও প্রতারক।" শনিবার সকালে শহরের বনমালী ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একে খন্দকার এ কথা বলেন। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী বছরে এক হাজার ২০০ কোটি টাকা দলের জন্য খচর করলেও জনকল্যাণে এক টাকাও খরচ করে না। একে খন্দকার বলেন, "ব্যাংক, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় করে জামায়াত এসব টাকা রোজগার করছে।" এবার যুদ্ধপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত সেক্টর কমান্ডাররা ঘরে ফিরবে না বলেও জানান তিনি। জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমান শরীফ ডিলুর সভাপতিত্বে এবং ওয়ার্কার্স পার্টি নেতা জাকির হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত মেজর জেনারেল একেএম শফিউল্লাহ, অবসরপ্রাপ্ত লে. কর্নেল আবু ওসমান চৌধুরী, সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হারুনুর রশিদ, পাবনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুল হক টুকু, সাবেক সাংসদ আমজাদ হোসেন, জেলা জাসদ সভাপতি আমিরুল ইসলাম রাঙা, জেলা গণফোরাম সভাপতি আব্দুল আজিজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি জহির আলী কাদেরী প্রমুখ। বিকেলে ফোরাম নেতারা সাঁথিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আরেকটি মতবিনিময় সভা করেন। যুদ্ধাপরাধ এবং মহান মুক্তিযুদ্ধের বিরোধিতার করায় আগামী সংসদ নির্বাচনে পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসনে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং পাবনা-৫ (সদর) আসনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুস সুবহানকে ভোট না দেওয়ার আহ্বান জানান ফোরাম নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪২ ঘ.