চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শতভাগ বিদেশি মালিকানাধীন কোম্পানি সিএমএ-সিজিএম এর শিপিং লাইসেন্স সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম শুল্ক কর্তৃপক্ষ।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দিক নির্দেশনা অমান্য করায় এবং প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দেয়ার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা না হওয়ায় শুল্ক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
চট্টগ্রাম শুল্ক ভবনের যুগ্ম কমিশনার (আমদানি) ও লাইসেন্সিং বোর্ডের চেয়ারম্যান বেলাল হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে গত ২০ অক্টোবর লাইসেন্স বাতিলের এ আদেশ দেয়া হয়।
কর্তৃপক্ষ গত ২৪ সেপ্টেম্বর ফ্রান্স ভিত্তিক সিএমএ-সিজিএম শিপিং লিমিটেডকে বাংলাদেশে কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয়।
কিন্তু শতভাগ বিদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশে ব্যবসা পরিচালনার অনুমতি দেয়ার এ সিদ্ধান্তে দেশীয় কোম্পানিগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। তারা অভিযোগ তোলে, সিএমএ-সিজিএমকে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে। এ লাইসেন্স প্রচলিত শুল্ক আইনের পরিপন্থী।
এর পরিপ্রেক্ষিতে এনবিআর বিষয়টি পুনরায় মূল্যায়ন ও যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেয়। এনবিআরের প্রথম সচিব (শুল্ক নীতি ও বাজেট) প্রতিষ্ঠানটির নথি ও প্রাসঙ্গিক দলিলপত্র পরীক্ষা করেন । তার দেয়া প্রতিবেদনে বলা হয়, সিএমএ-সিজিএমকে লাইসেন্স দেয়ার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
তদন্ত ছাড়াও এনবিআর প্রতিষ্ঠানটির মালিকানার ব্যাপারে সংশ্লিষ্ট কমিশনারদের মতামত চেয়েছে। তাদের মতামত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এর আগ পর্যন্ত সিএমএ-সিজিএমকে দেয়া লাইসেন্সের কার্যকারিতা স্থগিত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/জেকে/এমএইচবি/২১৫১ ঘ.
bdnews24