ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে লালন ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বৃহস্পতিবার নোয়াখালীতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মানববন্ধন করেছে।
বুধবার বিকেলে বরগুনায় উদীচী শিল্পগোষ্ঠী করেছে প্রতিবাদ সভা।
প্রতিবাদকারীরা লালন ভাস্কর্য অপসারণের সঙ্গে জড়িতদের বিচার এবং বিমানবন্দরের সামনে ভাস্কর্যটি পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।
আমাদের নোয়াখালী প্রতিনিধি জানান, দুপুর ১২টা থেকে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালনকালে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন ও পোস্টার বহন করেন।
কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রফ্রন্টের নেতারা ভাস্কর্য অপসারণের সঙ্গে জড়িত মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির বিচার ও একই স্থানে লালন ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি জানান।
বরগুনা প্রতিনিধি জানান, বুধবার বিকেলে উদীচী শিল্পী গোষ্ঠীর নেতা আবদুল মালেক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- অ্যাডভোকেট হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন সিকদার, আল মামুন উজ্জল, সুমন হাওলাদার, আতিকুর রহমান লিটন, জাকির হোসেন বাবুল প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24