২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ঘুষের টাকাসহ শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

বদলির আদেশ বাতিলের কথা বলে শিক্ষকের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় বুধবার সন্ধ্যায় বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অমল কৃষ্ণ মজুমদারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 01:36 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

বরগুনা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বদলির আদেশ বাতিলের কথা বলে শিক্ষকের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় বুধবার সন্ধ্যায় বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অমল কৃষ্ণ মজুমদারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। তার কাছ থেকে উদ্ধার করা হয় ঘুষের আড়াই হাজার টাকা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয় বরগুনা কারাগারে। দুদক বরিশাল বিভাগের উপ-সহকারী পরিচালক এম এইচ রহমত উল্লাহ সাংবাদিকদের জানান, পাথরঘাটার কাকচিড়া আমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুকের বদলির আদেশ বাতিলের কথা বলে জেলা শিক্ষা কর্মকর্তা অমল কৃষ্ণ পাঁচ হাজার টাকা উৎকোচ দাবি করেন। বুধবার সন্ধ্যায় টাকা দেওয়ার সময় দুদকের বরিশাল বিভাগের পরিচালক মেজর শাহরিয়ার আহমেদ আমিনের নেতৃত্বে দুদক কর্মকর্তারা তাকে আটক করেন। বুধবার রাতে থানা হেফাজতে জেলা শিক্ষা কর্মকর্তা উৎকোচ নেওয়ার কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক ক্লাস বর্জন করে জজ আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা শিক্ষা কর্মকর্তার মুক্তি দাবি করে জেলা প্রশাসকের মাধ্যমে দুদক চেয়ারম্যানকে একটি স্মারকলিপি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩০ ঘ.