যশোর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে সেবা নিতে আসা ৮৩ শতাংশ মানুষই হয়রানির শিকার হন। ঘুষ দিতে হয় ২০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত। সময় নষ্ট করতে হয় ঘন্টার পর ঘন্টা।
বৃহস্পতিবার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), যশোর ও ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এই তথ্য প্রকাশ করেছে।
চলতি বছর ১ ফেব্র"য়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত যশোর শিক্ষা বোর্ডে সেবা নিতে আসা ৪৫৮ ব্যক্তি ও ১০৩টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনটি প্রকাশকালে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আমীরুল আলম খান উপস্থিত ছিলেন।
তিনি কিছু কিছু দুর্নীতি ও অনিয়মের কথা স্বীকার করে বলেন, "ডেপুটেশনে কর্মরত কেউ এর সঙ্গে জড়িত নয়।"
যেসব অভিযোগ উঠেছে তা কমানোর জন্য বোর্ড কর্তৃপক্ষ চেষ্টা করছে বলে তিনি জানান।
প্রতিবেদনে বলা হয়, ৪৭ দশমিক এক শতাংশ তথ্যদাতা কাজ করতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারিকে তাদের টেবিলে পাননি। এসব কর্মকর্তা কর্মচারিদের সঙ্গে কথা বলার জন্য তাদেরকে গড়ে ৫১ মিনিট, এমনকি কোন কোন ক্ষেত্রে দুই থেকে চার ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
উত্তরদাতাদের ৬২ শতাংশ জানিয়েছেন- নির্ধারিত কাজ করার জন্য তাদেরকে ঘুষ দিতে হয়েছে। এর পরিমাণ ২০ থেকে ৬০০০ টাকা পর্যন্ত।
তথ্যদাতাদের মধ্যে যারা পরীক্ষক তাদের ৯৪ দশমিক চার শতাংশই খাতা পাওয়ার ক্ষেত্রে নানা অনিয়ম ও দুর্নীতির কথা বলেছেন।
৫৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন- গত এক বছরের মধ্যে শিক্ষা বোর্ড থেকে কোন পরিদর্শক তাদের প্রতিষ্ঠানে আসেননি। যেসব প্রতিষ্ঠানে বিগত এক বছরের মধ্যে বোর্ড থেকে পরিদর্শক এসেছিলেন তার ৬০ শতাংশের প্রতিনিধি জানিয়েছেন- পরিদর্শকের যাতায়াতের ব্যয়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই বহন করতে হয়েছে। এ ক্ষেত্রে তাদেরকে ২০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে।
এছাড়া ৪৩ দশমিক নয় শতাংশ ক্ষেত্রে পরিদর্শক সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কাছে উৎকোচ দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে নানান তথ্য তুলে ধরেন সনাক কর্মকর্তা ফখরে আলম। এসময় সনাক যশোর-এর আহবায়ক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, সনাক সদস্য সাইফুজ্জামান মজু, টিআইবি কর্মকর্তা ওয়াহিদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৪ ঘ.
bdnews24