চাঁদপুর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজারে সোমবার রাতে আগুনে পুড়ে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে।
তার নাম কামাল গাজী (১০)। বাজারের দুটি দোকান আগুনে পুড়ে যায়। ওই সময় কামাল একটি দোকানে কাজ করছিল।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ৮টার দিকে চান্দ্রা বাজারের দুটি দোকানে আগুন লাগে। কামাল ওই সময় একটি দোকানে ছিল।"
বিদ্যুৎ না থাকায় কুপি দিয়ে মটর সাইকেল মেরামতের এক দোকানে কাজ করার সময় আগুন ধরে। লিটন গাজীর ওই দোকানেই কাজ করত কামাল।
পুলিশ কর্মকর্তা হুমায়ুন বলেন, "ঘটনার সময় কামাল ছাড়া দোকানে অন্য কেউ ছিল না। আগুন লাগার পর সে দোকান থেকে বের হতে পারেনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর কামালের মৃতদেহ পাওয়া যায়।"
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অপর দোকানটির মালিক আবুল বাশার।
মৃত কামালের বাবার নাম আব্দুস সাত্তার গাজী। তার বাড়ি চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২১ ঘ.
bdnews24