২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল্লাহর কাছে 'বিচার' চাইলেন মেয়র মহিউদ্দিন

হাসপাতালে মৃত্যুশয্যায় মেয়েকে শেষবারের মতো দেখতে না পাওয়ায় আল্লাহর কাছে বিচার চেয়েছেন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। রোববার বিকেলে লালদিঘী মাঠে মেয়ে ফৌজিয়া সুলতানা টুম্পার জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 05:55 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসপাতালে মৃত্যুশয্যায় মেয়েকে শেষবারের মতো দেখতে না পাওয়ায় আল্লাহর কাছে বিচার চেয়েছেন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। রোববার বিকেলে লালদিঘী মাঠে মেয়ে ফৌজিয়া সুলতানা টুম্পার জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন। কান্নাজড়িত কণ্ঠে মেয়র বলেন, "একজন পিতা হিসেবে আমি তাকে দেখতে যেতে চেয়েছিলাম। মেয়েটিও শেষবারের মতো আমাকে দেখতে আকুলতা জানিয়েছিল। কিন্তু চক্রান্ত করে আমাকে যেতে দেওয়া হয়নি। এজন্য আমি আল্লাহর কাছে বিচার চাই।" টুম্পার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি মৃত্যু পথযাত্রী সন্তানের শয্যাপাশে যেন সব পিতা থাকতে পারেন সেজন্য আল্লাহর কাছে প্রার্থণা জানান। গত ১৭ অক্টোবর দুপুরে ব্যাংককে চিকিৎসাধীন টুম্পাকে দেখতে যাওয়ার পথে চট্টগ্রাম বিমান বন্দরে তিনি মেয়ের মৃত্যু সংবাদ শোনেন। এর আগে ৮ অক্টোবর জামিনে মুক্তি পাবার পর থেকে তিনি মেয়েক দেখতে যাওয়ার জন্য বিদেশ যেতে সরকারের অনুমতি চান। সরকার ১৫ অক্টোবর রাতে ৪৫ দিনের জন্য অনুমতি দেয়। লালদিঘী মাঠে টুম্পার নামাজে জানাজা অনুষ্ঠিত হবার সংবাদে পুরো এলাকা দুপুর থেকেই লোকারণ্য হয়ে ওঠে। আছর নামাজের পরে অনুষ্ঠিত জানাজায় দশ হাজারের বেশি লোক অংশ নেয়। লালদিঘীর উত্তরে টেরিবাজার, পশ্চিমে সিনেমা প্যালেস এবং দক্ষিণে কোতোয়ালি মোড় পর্যন্ত জানাজা বিস্তৃত হয়। ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা জানাজায় অংশ নেন। তিনি মেয়র ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং সমবেদনা জানান। এছাড়া বিএনপির আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাফরুল ইসলাম চৌধুরী এবং অন্যান্য দলের নেতা-কর্মীরা জানাজায় অংশ নেন। আওয়ামী লীগ থেকে আতাউর রহমান খান কায়সার, এম এ মান্নান ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ মহানগর ও জেলার নেতাকর্মীরা অংশ নেন। সিটি করপোরেশনের অধিকাংশ ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী উপস্থিত থাকলেও ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম জানাজায় আসেননি। বেশ কয়েকজন কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে জানান, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীদের রোষের শিকার হতে পারেন আশংকায় তিনি জানাজায় অংশ নেননি। তবে মেয়রের মেয়ের মৃত্যুতে শনিবার তিনি দেওয়ান হাট এলাকায় মিলাদ মাহফিল ও কোরানখানির আয়োজন করেছেন। জানাজা শেষে টুম্পার লাশ মেয়রের ষোলশহর বাসার অদূরে চশমাহিল কবরস্থানে দাদীর পাশে দাফন করা হয়। থাই এয়ার ওয়েজের একটি বিমানে টুম্পার মরদেহ নিয়ে মেয়র দুপুর দেড়টায় চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে পৌঁছান। বিকাল পৌনে তিনটায় টুম্পার লাশ চশমা হিলের বাসার প্রাঙ্গণে আনার পর পরিবারের অন্য সদস্যরা, আত্মীয়-স্বজন ও সহপাঠীরা শোকবিহ্বল হয়ে পড়েন। টুম্পাকে শেষ বারের মতো একনজড় দেখতে চশমা হিলের বাসায় ভিড় করেন অনেকেই। ছয় ভাইবোনের মধ্যে টুম্পা দ্বিতীয়। চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। দীর্ঘদিন ধরে টুম্পা জটিল 'নন হসকিন লিম্ফোমা টি সেল' ক্যান্সারে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য গত জুলাই মাসে তাকে ব্যাংককের পিয়া থাই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে শুক্রবার বাংলাদেশ সময় দেড়টায় তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন চিকিৎসকরা। এ সময় মেয়র চট্টগ্রাম বিমান বন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা দেন। মেয়র বিমানে থাকা অবস্থায় বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় টুম্পার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমএইচবি/২৩৪৭ ঘ.