২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িতে দেড় ঘন্টা অভিযান চালিয়ে মুজাহিদকে পায়নি পুলিশ

খনি দুর্নীতি মামলার আসামী জামায়াত নেতা আলি আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করতে শনিবার বিকালে উত্তরা থানা পুলিশ আবার তার বাসায় অভিযান চালিয়েছে। তবে দেড় ঘন্টাব্যাপী এ অভিযানের পর এবারও "তাকে পাওয়া যায়নি"বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--খনি দুর্নীতি মামলার আসামী জামায়াত নেতা আলি আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করতে শনিবার বিকালে উত্তরা থানা পুলিশ আবার তার বাসায় অভিযান চালিয়েছে। তবে দেড় ঘন্টাব্যাপী এ অভিযানের পর এবারও "তাকে পাওয়া যায়নি"বলে জানিয়েছে পুলিশ। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার বিকাল চারটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মুজাহিদের উত্তরার ১১ নম্বর সেক্টরের বাড়িতে প্রায় ১৫জন পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালিয়েও তাকে পাওয়া যায়নি। খবর পেলে দেশের যে কোন স্থানে পুলিশ তাকে গ্রেপ্তার করতে অভিযান চালাবে।" ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আদালতের পরোয়ানার ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়। মুজাহিদসহ পলাতক আট আসামিকে বিচারক আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এই নির্দেশ অমান্য করা হলে কেন তাদের সম্পত্তি জব্দ করা হবে না তা জানতে চেয়ে ১৬ অক্টোবরের মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের নির্দেশ দেওয়া হয়। 'পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি' উল্লেখ করে উত্তরা থানা পুলিশ গত ১২ অক্টোবর আদালতে প্রতিবেদন দাখিল করে। কিন্তু ওইদিন মুজাহিদ ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে চার দলের সমাবেশে বক্তৃতা করেন। এরপর গত ১৪ অক্টোবর তিনি জামায়াত প্রতিনিধি দলের সদস্য হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংলাপেও অংশ নেন যা বিতর্কের ঝড় তোলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২১৩৮ঘ.