ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ভেজাল বিরোধী অভিযানে'র কারণে বহুল পরিচিতি পাওয়া ম্যাজিস্ট্রেট রোকন উদ দৌলাকে বিএসটিআই'র উপ-পরিচালক হিসেবে পদায়নের আড়াই মাসের মাথায় আবার বদলি করা হয়েছে। বৃহস্পতিবার তাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ম্যাজিস্টেট হিসেবে নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় একইদিন চারজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদেও রদবদল করেছে।
ম্যাজিস্ট্রেট রোকন উদ দৌলাকে গত বছরের অক্টোবরে ভেজাল বিরোধী অভিযান থেকে সরিয়ে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। সাড়ে ৯ মাস পরে এ বছরের জুলাই মাসের শেষ সপ্তাহে তাকে পদায়ন করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয় এদিন তিনজনকে এডিসির দায়িত্ব দিয়ে বদলি করেছে। এদের মধ্যে খুলনার চার্জ অফিসার আবুল হাসনাত মো. লতিফুল কবীরকে নড়াইলে, চট্টগ্রামের দিয়ারা অপারেশনের চার্জ অফিসার এহসানুল পারভেজকে লক্ষ্মীপুরে এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা ফেরদৌসীকে ময়মনসিংহের এডিসি করা হয়েছে।
ঝালকাঠির এডিসি রণজিত কুমার দাসের গোপালগঞ্জের এডিসি হিসেবে বদলির আদেশ বাতিল করে তাকে গাইবান্ধার এডিসি করা হয়েছে।
এছাড়া নড়াইলের এডিসি মাহবুবুল আহসানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওএসডি) দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচবি/২১৩৭ ঘ.
bdnews24