ঢাকা, সেটেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালত থেকে নথি ফেরত না আসায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি হয়নি।
মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করেছে নিম্ন আদালত।
বুধবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম এ দিন ধার্য করেন।
সকাল সাড়ে ১০টার দিকে আদালত শুরু হলে শেখ হাসিনার আইনজীবীরা বিচারককে বলেন, উচ্চ আদালত থেকে এ মামলার নথি নিম্ন আদালতে এখনও ফেরত আসেনি বলে শুনানি করা সম্ভব নয়। তারা আদালত মুলতবির আবেদন করেন।
এরপর বিচারক মূলনথি ফেরত পাওয়া সাপেক্ষে আগামী ৪ নভেম্বর বিচারিক কার্যক্রমের জন্য নতুন দিন ধার্য করেন।
এদিন শেখ হাসিনার পক্ষে আদালতে হাজিরা দেন অ্যাডভোকেট সাহারা খাতুন ।
অন্যতম আসামি সাবেক জ্বালানি ও বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে হাইকোর্ট গত ১৮ জুন হাসিনার বিরুদ্ধে মামলার নথি তলব করলে আদালত সাক্ষ্য গ্রহণ কয়েক দফা মুলতবি করেন। এ মামলায় বাদিসহ এ পর্যন্ত মোট ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
একটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ বরাদ্দ করার সময় প্রায় তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করে।
গত ১৮ মে এ মামলায় সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ২১ মে থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৭৩৫ঘ.
bdnews24