২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানা চালু ও বকেয়া দাবিতে কল্যাণপুরে শ্রমিক বিক্ষোভ

কারখানা চালু ও বকেয়া বেতন-ভাতার দাবিতে বুধবার বিক্ষোভ করেছে রাজধানীর কল্যাণপুরের হান্টার গার্মেন্টস নামে একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 08:36 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারখানা চালু ও বকেয়া বেতন-ভাতার দাবিতে বুধবার বিক্ষোভ করেছে রাজধানীর কল্যাণপুরের হান্টার গার্মেন্টস নামে একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিকরা রাস্তায় অবস্থান নেওয়ায় সকালে মিরপুর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকরা ঈদের ছুটির পর বুধবার সকালে কর্মস্থলে এসে কারখানা বন্ধ দেখে ক্ষুব্ধ হয়ে উঠে। তিনি বলেন, "শ্রমিকরা বলছে, ঈদের পর শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছিল মালিক পক্ষ। কিন্তু ছুটির পর এসে গার্মেন্টস বন্ধ দেখে তারা কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে।" শ্রমিকরা রাস্তায় অবস্থান নেওয়ায় মিরপুর সড়কে যানজট দেখা দেয়। ফলে মিরপুর ১ নম্বর ও গাবতলী থেকে রাজধানীর বিভিন্নমুখী যাত্রীরা দুর্ভোগে পড়েন। শ্রমিকরা এক পর্যায়ে হান্টার গার্মেন্টসের মালিকের মোহাম্মদপুরের বাসায়ও যায়। তবে তারা মালিকের দেখা পায়নি বলে জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফিজুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকরা আসার পর গার্মেন্টস মালিককে বাসায় পাওয়া যায়নি। তবে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেন।" এরপর শ্রমিকরা দুপুরের দিকে পুনরায় কল্যাণপুরে কারখানার ফিরে আসে। তখন পুলিশে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে কারাখানার ভেতরে ঢুকিয়ে দেয়। মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে গার্মেন্টেসের সীমানা দেওয়ালের ভিতরে বসার ব্যবস্থা করা হয়। তবে কিছু সময় অবস্থানের পর শ্রমিকরা চলে যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৪২৫ ঘ.