খুলনা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান ইবনে জামানকে (৪৮) সোমবার রাতে নগরীর খালিশপুর হাউজিং এস্টেটের বাসায় শ্বাসরোধ ও জবাই করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বাসার তিন কর্মচারিকে আটক করেছে। এরা হলেন- ফারুক, মকবুল ও তুফানী।
তাদের খালিশপুর থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন খুলনা মহানগর পুলিশের উপ কমিশনার (সদর) শাহাদাত হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ৮টায় পুলিশ খবর পায়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা শাহাদাত জানান, হত্যাকাণ্ডের সময় খান ইবনে জামান বাসায় একা ছিলেন। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তার বাসায় তল্লাশি চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24