পঞ্চগড়, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কর্মসৃজন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে আটোয়ারি উপজেলার ধামোর ইউনিয়ন পরিষদের দুই সদস্যকে রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এরা হলেন- ধামোর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য রবিলাল এবং ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পাপিয়া বেগম।
আটোয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল হক জানান, রবিলাল ঈদুল ফিতরের আগের দুইদিন শ্রমিকদের দিয়ে কোনো কাজ না করিয়েই ৩৬ জন শ্রমিকের নামে সাত হাজার দু'শ টাকা উত্তোলন করেন।
অপর ইউপি সদস্য পাপিয়া বেগম কর্মসূচি শুরুর দিন থেকে ৩৬ জনের স্থলে ৩২ জনকে দিয়ে কাজ করিয়ে বাকি চারজনের টাকা আত্মসাত করে আসছিলেন।
ওসি জানান, কয়েকজন শ্রমিক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলে তিনি তদন্তের নির্দেশ দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন তদন্ত করে অভিযোগের সত্যতা পান।
রোববার গভীর রাতে রবিলালকে সিটকি হাড়ি এবং পাপিয়া বেগমকে তার পুরাতন আটোয়ারির বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি আমিনুল হক জানান, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রাতেই আটোয়ারি থানায় এ দু'জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫২ ঘ.
bdnews24