২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় মাস বিদেশে থাকার অনুমতি চেয়েছেন মেয়র মহিউদ্দিন

অসুস্থ মেয়েকে দেখতে এবং নিজের চিকিৎসা ও ওমরাহ পালনের জন্য দেড় মাস বিদেশে অবস্থানের জন্য সরকারের অনুমতি চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য কারামুক্ত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

চট্টগ্রাম, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ মেয়েকে দেখতে এবং নিজের চিকিৎসা ও ওমরাহ পালনের জন্য দেড় মাস বিদেশে অবস্থানের জন্য সরকারের অনুমতি চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য কারামুক্ত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। আদালতের নির্দেশে পুলিশ রোববার তার পাসপোর্টও ফেরত দিয়েছে। মেয়রের স্ত্রী হাসিনা মহিউদ্দিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহিউদ্দিন চৌধুরী থাইল্যান্ডে চিকিৎসাধীন মেয়েকে দেখতে, নিজের চিকিৎসা ও ওমরাহ পালনের জন্য দেড় মাস বিদেশে অবস্থান করবেন। এ কারণে ১২ অক্টোবর থেকে পরবর্তী দেড় মাস দেশের বাইরে অবস্থানের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছেন তিনি।" হাসিনা বলেন, "আগামীকাল (সোমবার) অনুমতির কপি পেলে আগামী বুধবার ব্যাংককের পথে রওনা হবেন মেয়র।" চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের সুপারিশসহ আবেদনটি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠিয়ে দিয়েছে। এদিকে পাঁচলাইশ থানা কর্তৃপক্ষ রাত ৮টার দিকে মেয়র মহিউদ্দীনের পাসপোর্ট ফেরত দিয়েছে। মেয়রের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আদালত পাসপোর্টটি ফেরতের নির্দেশ দেয়। ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তারের সময় তার পাসপোর্টটি জব্দ করা হয়েছিল। এদিকে কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছয়টি দিক নির্দেশনা দিয়ে একটি চিঠি দিয়েছেন মহিউদ্দিন চৌধুরী। গত ৮ অক্টোবর স্বাক্ষরিত এ চিঠিতে কর্পোরেশন পরিচালিত স্কুলের শিক্ষক ও কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেয়া ছাড়া অন্যান্য উন্নয়ন ও বাণিজ্যিক সংশ্লিষ্ট বিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়। নতুন করে উন্নয়ন সংশ্লিষ্ট কোনো দরপত্র ডাকা থেকেও কর্মকর্তাদের বিরত থাকতে বলা হয়। ভারপ্রাপ্ত মেয়র মো. শামসুদ্দোহা জানান, গত ৮ অক্টোবর বুধবার মুক্তি পাওয়ার পর মেয়র এ আদেশ জারি করেন। শামসুদ্দোহা বলেন, "মেয়র ফিরে না আসায় আগের নিয়ম অনুযায়ী আমিই দায়িত্ব পালন করছি। তিনি যোগ দিলেই দায়িত্ব ছেড়ে দেব। এ নিয়ে জটিলতা তৈরির কোনো কারণ দেখছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/জেকে/জিএনএ/২২৩৭ ঘ.