মুন্সীগঞ্জ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো রাজনৈতিক দল বা জোট যুদ্ধাপরাধীদের সঙ্গে আঁতাত করে নির্বাচনে তাদের মনোনয়ন দিলে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার্স ফোরাম তাদের বিরুদ্ধে মাঠে থাকবে বলে জানিয়েছেন ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খোন্দকার বীর উত্তম।
শনিবার মুন্সীগঞ্জ শহরের শিল্পকলা মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ কথা বলেন।
একাত্তরের মুক্তিবাহিনীর উপ প্রধান সেনাপতি এ কে খন্দকার বলেন, "একজন যুদ্ধাপরাধীও যাতে নির্বাচিত হতে না পারে এবং সংসদে যেতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ থাকুন। কারণ তারা কখনও জাতি বা দেশের মিত্র হতে পারে না।"
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার এখনই শুরু করা উচিত। এতে জাতিসংঘকেও সম্পৃক্ত করা জরুরি। কারণ বিশেষ ট্রাইবুনাল করলে সেখানেও তাদের দোসর থাকতে পারে।
সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল এম হারুন-অর-রশিদ বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার, নির্বাচনে তাদের অযোগ্য, মনোনয়ন না দেয়াসহ সর্বোপরি তাদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে হবে।"
বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ্ বীর বিক্রম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তম, অবসরপ্রাপ্ত লে. কর্নেল আবু ওসমান চৌধুরী এ সমাবেশে উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার ফোরাম নেতারা সকালে হরগঙ্গা কলেজ সংলগ্ন বধ্যভূমি স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিকেলে সার্কিট হাউজে এক মতবিনিময় ভায় অংশ নেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২২৩০ ঘ.
bdnews24