২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা প্রত্যাহারের আহ্বান হাসিনার

অর্থবহ নির্বাচনের স্বার্থে জরুরি অবস্থা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার লন্ডনে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থবহ নির্বাচনের স্বার্থে জরুরি অবস্থা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার লন্ডনে এক সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, "প্রার্থীরা যাতে নির্ভয়ে প্রচারণা চালাতে পারেন, ভোটাররা যাতে ভীতিহীনভাবে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে- সে রকম পরিবেশ তৈরির জন্য জরুরি অবস্থা তুলে নিতে হবে। জরুরি অবস্থার মধ্যে অর্থবহ নির্বাচন হতে পারে না।" লন্ডনের হাউজ অব লর্ডস মিলনায়তনে 'বাংলাদেশ: গণতন্ত্রের ভবিষ্যত ও মানবাধিকার' শীর্ষক এই সেমিনারে বাংলাদেশে আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরিতে বৃটিশ পার্লামেন্ট সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, "আমি আশাবাদী মানুষ। যখনই সুযোগ পেয়েছি, দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করেছি।" শেখ হাসিনা বলেন, "নির্বাচন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। নির্বাচিত সরকারই দেশের সব সমস্যার সমাধান দিতে পারবে। তাই সবাই আশা করছে, আগামী ১৮ ডিসেম্বর নির্বাচন হবে। কিন্তু জরুরি আইন বহাল থাকলে নির্বাচন নিয়ে সংশয় থেকেই যাবে।" আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২১০৪ ঘ.