২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে সুলতানকে স্মরণ

চতুর্দশ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে এসএম সুলতানকে স্মরণ করছে নড়াইলবাসী। ১৯৯৪ সালের এই দিনে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান বরেণ্য এ চিত্রশিল্পী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় সুলতানের সমাধিতে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর পর সমাধি প্রাঙ্গণে মিলাদ মাহফিল হয়। মিলাদ শেষে শিল্পীর প্রতিষ্ঠিত শিশুস্বর্গে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 06:41 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

নড়াইল, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চতুর্দশ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে এসএম সুলতানকে স্মরণ করছে নড়াইলবাসী। ১৯৯৪ সালের এই দিনে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান বরেণ্য এ চিত্রশিল্পী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় সুলতানের সমাধিতে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর পর সমাধি প্রাঙ্গণে মিলাদ মাহফিল হয়। মিলাদ শেষে শিল্পীর প্রতিষ্ঠিত শিশুস্বর্গে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়। শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম। আলোচনা করেন জেলা পুলিশ সুপার কামরুল আহসান, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব অধ্যাপক মুন্সি হাফিজুর রহমান প্রমুখ। বিকালে এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রা নদীতে শিশুদের নৌকা ভ্রমণের আয়োজন করা হয়। জন্মভূমি নড়াইলের চিত্রা নদীর তীরে ছায়া ঘেরা, কলকাকলীমুখর মাছিমদিয়া গ্রামে চিয়শয়ানে রয়েছেন লাল মিয়া। ১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামের মেছের আলি ও মাজু বিবির সংসারে জন্ম নেয়া সুলতানের এ নামটিই এলাকাবাসীর কাছে খুব কাছের। এ কারণেই স্থানীয় চেতনা থিয়েটার তাকে নিয়ে ২০০৫ সালে যে নাটকটি মঞ্চে এনেছিলো, তার নাম দিয়েছিলো- 'আংগো লাল মিয়া।' খুব কাছে থেকে দেখে এদেশের মানুষ, প্রকৃতি জীবনাচারণকে চিত্রকর্মে মূর্ত করে তোলেন চিরকুমার ও বোহেমিয়ান জীবন-যাপনে অভ্যস্ত সুলতান। নানা দেশ ঘুরেছেন, নানা পুরস্কার পেয়েছেন। কিন্তু তারপরও জন্মভূমি নড়াইলেই থিতু হতে চেয়েছেন বারবার। প্রাতিষ্ঠানিক যোগ্যতা না থাকলেও সহজাত অঙ্কনকুশলতা আর অদম্য আগ্রহের কারণে বিশেষ বিবেচনায় তাকে ভর্তি করেছিল কলকাতা আর্ট কলেজ। কিন্তু শিক্ষা অসমাপ্ত রেখেই সেখান থেকে দেশভ্রমণে বেরিয়ে পড়েন সুলতান। প্রথমে ভারতের বিভিন্ন রাজ্য তারপর তদানীন্তন পশ্চিম পাকিস্তান। ছুটেছেন পশ্চিমেও, সেখানে প্রদর্শনী করেছেন দালি, পিকাসোর মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গে। ইউরোপ ও আমেরিকা ঘুরে ১৯৫৩ সালে আবার দেশেই ফিরে আসেন সুলতান। কিছুদিন ঢাকা আর্ট কলেজের ছাত্রাবাসে অবস্থান করে ফিরে আসেন নড়াইলে। ফিরেও স্থির হয়ে থাকেননি। ঘুরে বেড়িয়েছেন এক স্থান থেকে অন্য স্থানে। ১৯৭৬ সালে ঢাকায় শিল্পকলা একাডেমিতে একক চিত্র প্রদর্শনীর মাধ্যমে মূলত এ দেশের নাগরিক সমাজের সঙ্গে তার পরিচয় ঘটে। বর্ণময় জীবনে শিল্পী সুলতান জাতীয় এবং আন্তর্জাতিক নানা পুরস্কার লাভ করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বাংলার এ শিল্পীকে ম্যান অফ অ্যাচিভমেন্ট সম্মাননা দিয়েছে তাকে। ১৯৮২ সালে পান একুশে পদক এবং ১৯৯৩ সালে তাকে দেওয়া হয় স্বাধীনতা পদক। শিল্পী সুলতানের ঘটনাবহুল জীবনকে সেলুলয়েডের পাতায় ধরেছেন চলচ্চিত্রকার তারেক মাসুদ; প্রামাণ্যচিত্র 'আদম সুরত' এর মাধ্যমে। এছাড়া সুলতানকে নিয়ে আলোকচিত্রী নাসির আলী মামুন বের করেছেন 'গুরু' নামে একটি বই। বইটিতে নাসির আলী মামুনের তোলা এসএম সুলতানের ৬৮টি ছবি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪০ ঘ.