২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারি-বেসরকারি যোগাযোগ বাড়ান: মরিয়ার্টি

সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি খাতের মধ্যে 'নেটওয়ার্ক' (আন্তঃযোগাযোগ) বাড়ানোর পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি খাতের মধ্যে 'নেটওয়ার্ক' (আন্তঃযোগাযোগ) বাড়ানোর পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এশিয়া অঞ্চলের উচ্চ শিক্ষা বিষয়ে ইউএসএআইডি আয়োজিত এক সম্মেলনে মরিয়ার্টি বলেন, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি খাতের মধ্যে নেটওয়ার্ক বাড়ানোর মাধ্যমে গবেষণা, শিক্ষা ও বাণিজ্যের বিষয়ে নতুন ও উদ্ভাবনী ধারণা পাওয়া যাবে যা সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়াতে সাহায্য করবে। ওয়াশিংটনে চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক উন্নয়নের জন্য প্রথম উচ্চ শিক্ষা সম্মেলনের অংশ হিসেবে ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাহারা অঞ্চলেও এ ধরনের সম্মেলন হবে। এশীয় সম্মেলনে এ অঞ্চলের জন্য প্রধান চারটি চ্যলেঞ্জ- খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, শিক্ষক প্রশিক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বিষয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রদূত বলেন, বিশ্বজুড়ে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমাগত দাম বাড়ার প্রেক্ষাপটে একটি টেকসই ও বৈচিত্র্যময় খাদ্য উৎপাদন ব্যবস্থা তৈরিতে নতুন ধারণা ও প্রযুক্তি অত্যন্ত প্রয়োজন। যথাযথ জাতীয় ও আঞ্চলিক খাদ্য নীতি প্রণয়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অর্জিত জ্ঞান কাজে লাগানো উচিত। নারীর ক্ষমতায়ন এখনও এ অঞ্চলের জন্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এশিয়ায় নারী উদ্যোক্তার সংখ্যা বাড়ছে; কিন্তু এ জন্য আরো পদক্ষেপ নিতে হবে। অর্থনৈতিক কর্মকাণ্ডে আরো বেশি নারীর অংশগ্রহণ অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়াতে সাহায্য করবে। এছাড়া চিরাচরিত পুরুষ নিয়ন্ত্রিত কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়লে তা লৈঙ্গিক সাম্য নিশ্চিত করতেও গুরুত্ব রাখবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, বন্যা, ঝড় ও খরা মোকাবিলায় জলবায়ু পরিবর্তন ও আবহাওয়া পূর্বাভাস নির্ণয়ে এ অঞ্চলের দেশগুলোকে আরো উন্নতি করতে হবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় এবং এ অঞ্চলের জনগণকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষায় সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি খাতগুলো কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএইচবি/১৮২৭ ঘ.