চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় দুই ছিনতাইকারীকে ১৯ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম মঙ্গলবার এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- রাঙামাটির লঙগদু উপজেলার মোহাম্মদ ইলিয়াস এবং নোয়াখালীর চাটখিল উপজেলার নিজাম উদ্দিন। তারা দুই জনই কারাগারে আছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত পিস্তল রাখার জন্য দুই জনকে ১২ বছর এবং গুলি রাখার দায়ে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন।"
তবে দুটি সাজা একত্রে কার্যকর করার কথা রায়ে উল্লেখ থাকা ইলিয়াস ও নিজামকে ১২ বছরই সাজা ভোগ করতে হবে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৫ সালের ১৩ জুন চান্দগাঁও থানার পশ্চিম ফরিদের পাড়া থেকে ছিনতাইয়ের অভিযোগে ইলিয়াস ও নিজামকে র্যাব গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
ওই দিন র্যাব বাদি হয়ে চান্দগাঁও থানায় মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭২৪ ঘ.
bdnews24