ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সমাবেশে ২১ আগস্টের গ্রেনেড হামলার দুই মামলার অভিযোগ গঠন আবার পিছিয়েছে।
মঙ্গলবার সপ্তমবারের মতো এ দুটি মামলার অভিযোগ গঠন পিছিয়ে আদালত আগামী ১৪ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছেন।
এদিন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতে মামলা দুটির অভিযোগ গঠনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু বাদি পক্ষে আইনজীবী হিসাবে নিয়োগ পেতে ইচ্ছুক আওয়ামী আইনজীবী পরিষদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মাসদার হোসেন অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে দেন।
আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের সময় আবেদনে বলা হয়, "আমরা এখনও আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ (সলিসিটর উইং) থেকে নিজেদের খরচে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটরকে সাহায্য করার অনুমতি পাইনি। তবে দুই-একদিনের মধ্যেই তা পাওয়া যাবে।"
আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষে অ্যাডভোকেট সাজাওয়ার হোসেন ও কামরুল ইসলাম ওই আবেদন করেন।
এ মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ প্রধান মুফতি আবদুল হান্নানসহ ১৩ জনকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি শাহাদাৎ উল্লাহ জুয়েলও আদালতে হাজিরা দেয়।
পিন্টুর ভাই তাজউদ্দীনসহ মামলার অপর আট আসামি পলাতক।
আদালতে সাবেক উপমন্ত্রী পিন্টু সাংবাদিকদের উদ্দেশে বলেন, "মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই ঘটনায় (২১ আগস্ট হামলা) সম্পৃক্ততার অভিযোগে আমাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু হান্নান হরকাতুল জিহাদের (হুজি) কেন্দ্রীয় নেতাদের নাম বললেও তাদের আসামি করা হয়নি। এমনকি তাদের গ্রেপ্তারের চেষ্টাও চালায়নি সিআইডি।"
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে দলের কেন্দ্রীয় নেতা আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হন।
হামলার পরদিন পুলিশ বাদি হয়ে মতিঝিল থানায় একটি মামলা করে। এর দীর্ঘ দিন পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সালাম পিন্টু, মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে গত ১১ জুন আদালতে দুটি অভিযোগপত্র দাখিল করে।
হত্যা ও বিস্ফোরক আইনে দাখিল করা দুই অভিযোগপত্রে আসামিরা একই।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে মামলাটি ভিন্ন খাকে প্রবাহিত করার চেষ্টাও চলে বলে অভিযোগ রয়েছে। তদন্ত কর্মকর্তাও বদল হয় কয়েকবার।
এ মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন- সালাম পিন্টু, হুজি নেতা মুফতি হান্নান, সদস্য মফিজুর রহমান অভি, শরীফ শাহেদুল আলম বিপুল, আবু সাঈদ ওরফে ডা. জাফর, আবুল কালাম আজাদ বুলবুল, জাহাঙ্গীর আলম, হাফেজ আবু তাহের, শাহাদাতউল্লাহ জুয়েল, হুসেইন আহমেদ আমিন, আবু জান্দাল ওরফে মঈনুদ্দীন শেখ, আরিফ হাসান সুমন, রফিকুল ইসলাম সবুজ ও উজ্জ্বল ওরফে রতন।
এর মধ্যে জুয়েল জামিনে আছেন।
পলাতক আসামিরা হলেন- হুজি নেতা মাওলানা তাজউদ্দীন (পিন্টুর চাচাতো ভাই), সদস্য মো. খলিল, জাহাঙ্গীর আলম বদর, মো. ইকবাল, আবু বকর হাফেজ, মাওলানা লিটন, মুত্তাকিন ও মুরসালিন।
এর মধ্যে মুত্তাকিন ও মুরসালিন ভারতের কারাগারে আটক রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24