২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ অক্টোবরের মধ্যে ব্যক্তি প্রচারণামূলক পোস্টার তোলার নির্দেশ

নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বিভিন্ন ব্যক্তির প্রচারণামূলক (ঈদ ও পূজার শুভেচ্ছার নামে) পোস্টার ১৫ অক্টোবরের মধ্যে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 12:07 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বিভিন্ন ব্যক্তির প্রচারণামূলক (ঈদ ও পূজার শুভেচ্ছার নামে) পোস্টার ১৫ অক্টোবরের মধ্যে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশ না মানলে নির্বাচনের সময় প্রার্থিতা বাতিল করা বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সোমবার সাংবাদিকদের বলেন, "দেশের আনাচে-কানাচে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার লাগিয়ে প্রচারণা চালাচ্ছে। আগামী ১৫ তারিখের মধ্যে তাদের নিজ উদ্যোগেই এসব পোস্টার নামিয়ে ফেলতে হবে। তা না হলে বিধি লঙ্ঘনের অভিযোগে পরবর্তী সময়ে তাদের প্রার্থিতা বাতিল হতে পারে।" নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন হচ্ছে কি না- ১৬ অক্টোবর থেকে তা নিরীক্ষার জন্য প্রতিটি জেলা পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ কর্মকর্তা নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন সিইসি। বিধিমালা অনুযায়ী, নির্বাচনের তিন সপ্তাহ আগে যে কোনও ধরনের প্রচারণা নিষিদ্ধ। রাজনৈতিক দলগুলো নির্ধারিত সময় আগামী ১৫ অক্টোবরের মধ্যে নিবন্ধিত হবে বলে আশা প্রকাশ করেন এটিএম শামসুল হুদা। তিনি বলেন, "যতদূর জানি, রাজনৈতিক দলগুলোও বসে নেই। নিবন্ধনের জন্য তারা কাজ করে যাচ্ছে।" গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু ধারার সংশোধনী আইন মন্ত্রণালয়ে অনুমোদিত হয়েছে জানিয়ে সিইসি বলেন, "সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ প্রত্যাহার করা হবে না। অনেক সমঝোতা করেছি, নমনীয় হয়েছি। রাজনৈতিক দলগুলোকেও সমঝোতার মধ্যে করতে হবে। আশা করি, সুষ্ঠু নির্বাচনের জন্য যে আইনি পরিবর্তন হচ্ছে, তা তারা মেনেই কাজ করবে।" দলীয় গঠনতন্ত্রের খসড়া দিয়ে রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন করা যাবে বলে জানান শামসুল হুদা। একইসঙ্গে তিনি বলেন, "সংসদের প্রথম অধিবেশন থেকে ছয় মাসের মধ্যে গঠনতন্ত্রে সংশোধন না আনলে সংসদই তা বিবেচনা করবে।" রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম গত জুলাইয়ে শেষ হওয়ার কথা থাকলেও তা না হওয়ার দায় নিয়ে সিইসি বলেন, "দুর্ভাগ্য আমাদের। হয়ত আমাদের দোষেই দেরি হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এমআই/১৮০০ ঘ.