ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শুল্ক ভবনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ সোমবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে তা উদ্বোধন করেন।
গত এক মাস ধরে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতিতে কাজ চলছিল।
প্রধান উপদেষ্টা রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানস্থল থেকে থেকে একটি 'ইলেকট্রনিক বিল অব এন্ট্রি ফরম' পূরণ করে অনলাইনে শুল্ক ভবনে পাঠান। আর এর মধ্য দিয়েই স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, "চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউজ। আগে এই কাস্টম হাউজে পণ্য খালাস করতে বা পাঠাতে ৪২টি পয়েন্টে ধর্না দিতে হত। এর ফলে আমদানি-রপ্তানিকারকদের অযথা হয়রানির শিকার হতে হত, লোকসান গুনতে হতো। এ পরিস্থিতিতে চট্টগ্রাম কাস্টম হাউজ অটোমেশন প্রকল্পের উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।"
বাণিজ্য খাতের প্রসারে সরকারের সক্রিয়তার কথা জানিয়ে ব্যবসায়ী ও শিল্পপতিদের আরও শিল্প-প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের চালিকা-শক্তি হিসেবে গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
শুল্ক ভবনে স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর বিষয়ে গত রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চিটাগাং চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ জানান, স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়নে আমদানি-রপ্তানি প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা ও জাটিলতা অনেক কমে আসবে। ফলে ব্যবসায়ীদের হয়রানি কমবে, সময়ও বাঁচবে। বর্তমানে যে প্রক্রিয়া সম্পন্ন করতে চার দিন লাগছে, নতুন পদ্ধতিতে তা মাত্র চার ঘণ্টায় করা যাবে।
সাইফুজ্জামান বলেন, "এ পদ্ধতিতে ব্যবসায়ীদের সঙ্গে শুল্ক কর্মকর্তাদের সরাসরি সাক্ষাতের প্রয়োজন হবে না। ব্যবসায়ীরা ঘরে বা অফিসে বসে অনলাইনে আমদানি-রপ্তানি সংক্রান্ত দাপ্তরিক কাজগুলো সারতে পারবেন। ফলে দুর্নীতি বন্ধ হবে, সরকারের রাজস্ব আদায় বাড়বে।"
চট্রগ্রাম শুল্ক ভবনের 'অটোমেশন' (স্বয়ংক্রিয়) প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরে সাইফুজ্জামান জাভেদ বলেন, "ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়ন চালুর দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু কোনো ইতিবাচক সারা না পেয়ে চট্রগ্রাম চেম্বারের পক্ষ থেকে চট্রগ্রাম শুল্কভবনে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করে দেয়ার প্রস্তাব করা হয়। সরকার প্রস্তাবটি গ্রহণ করে এবং গত ১৩ এপ্রিল শুল্কভবনের সঙ্গে চিটাগাং চেম্বারের একটি চুক্তি হয়।"
তিনি জানান, চুক্তি অনুযায়ী প্রথম ৫ বছরের জন্য চট্টগ্রাম চেম্বার প্রকল্পটি পরিচালনা করবে। চুক্তি নবায়ন না হলে প্রকল্পটি পরিচালনার দায়িত্বভার শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এ প্রকল্পে সফটওয়্যার সরবরাহ করছে 'ডাটাসফট ম্যানেজমেন্ট সার্ভিসেস'।
ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান রোববারের সংবাদ সম্মেলনে বলেন, "৫ বছরে সব মিলিয়ে ৩৩ কোটি টাকার মতো ব্যয় হবে। দেশী জনবলের ওপর নির্ভর করেই পুরো প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।"
এর আগে গত ২৪ সেপ্টেম্বর প্রকল্পটির পর্যবক্ষণ কমিটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সাংবাদিকদের জানান, এ প্রকল্পের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড ও চট্টগ্রাম শুল্ক ভবনকে ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি যুক্ত করা হয়েছে। ফলে এনবিআর কর্মকর্তারা আমদানি-রপ্তানি সংক্রান্ত সব কাজ ঢাকা থেকেই দেখভাল করতে পারছেন।
আগে আমদানি পণ্য খালাসের ক্ষেত্রে মোট ৪২টি ধাপ পেরুতে হলেও স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর পর এখন মাত্র ছয় ধাপে আনুষ্ঠানিকতা সারা হচ্ছে। একইভাবে রপ্তানির ক্ষেত্রে ১১৬ ধাপের আনুষ্ঠানিকতা নেমে এসছে মাত্র পাঁচ ধাপে। বন্দর ও শুল্ক ভবন ব্যবহারকারী ১৯টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে এ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। আইজিএম ও ইজিএম দাখিলের পর বন্দর থেকে মালামাল ছাড় করানো পর্যন্ত সব কাজ এখন অনলাইনেই হচ্ছে।
শুধু বন্দরের কন্টেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম (সিটিএমএস) এর কার্যক্রম হাতেকলমে (ম্যানুয়ালি) করা হচ্ছে। তিন মাসের মধ্যে সেটিও অনলাইনের আওতায় চলে আসবে বলে জানান হাসান নাসির।
তিনি জানান, এ পদ্ধতি বাস্তবায়নে ইতোমধ্যে এক কোটি ৬০ লাখ টাকা ব্যয় হয়েছে। আগামী পাঁচ বছর এটির পূর্ণাঙ্গ রূপ দিতে ও ব্যবস্থাপনায় ১৩ কোটি টাকা ব্যয় হবে। এর পুরোটাই বেসরকারি খাত থেকে সংগ্রহ করা হচ্ছে। এ জন্য চট্টগ্রাম চেম্বার ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি আইজিএম বা ইজিএম-এ ৫০ টাকা করে নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এআরএইচ/জেকে/এমএইচবি/এমআই/১৬৩১ ঘ.
bdnews24