ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনন্দময়ীর বোধনের মধ্য দিয়ে রোববার সন্ধ্যায় শুরু হয়েছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সোমবার সকালে নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে শুরু হবে মহাসপ্তমী পূজার আয়োজন।
ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত নায়ারণ চক্রবর্তী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সায়ংকালে (সন্ধ্যা) দেবীর বোধন ও অধিবাস হয়েছে।"
তিনি বলেন, "এবার দেবী হাতির পিঠে চড়ে এসেছে। আমারা বিশ্বাস করি এবার এ ধরাধাম শস্যে পরিপূর্ণ হয়ে উঠবে। আর দেবী যাবে দোলায়। এতে রোগব্যাধি হতে পারে। এজন্য মায়ের কাছে প্রার্থনা করছি যেন আমাদের রোগব্যাধি থেকে রক্ষা করেন।"
প্রতিবার দুর্গার আগমনের ওপর পূণ্যার্থীদের ভাল-মন্দ, সুখ-দুঃখ জড়িয়ে আছে বলে বিশ্বাস করেন বাঙালি হিন্দুরা। এবার দেবী আসছে হাতিতে চড়ে। হাতিতে এলে পৃথিবী ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে।
বলা হয়ে থাকে-গজেচ জলদে দেবী শস্যপূর্ণ বসুন্ধরা।
অপরদিকে দেবী এ বছরের মতো প্রস্থান করবে দোলায় চড়ে। এতে পৃথিবীতে রোগ-শোক ও বালাই বেড়ে যাবে। এজন্য দেবীর আরাধনাকারীরা প্রার্থনা করবেন যাতে বিপদনাশিনী দুর্গা সব বিপদ থেকে তাদের রক্ষা করে।
প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এক বছর পর পর দেবী দুর্গা আসে বাবার বাড়িতে। এসেই অবস্থান নেয় বেল গাছে। ষষ্ঠীর দিন সন্ধ্যায় বোধনের মাধ্যমে তাকে আহ্বান করা হয়। একইদিনে হয় অধিবাস। পরদিন সপ্তমীর সকালে নবপত্রিকা প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় মূল পূজার।
শরৎকালে অবতার শ্রী রামচন্দ্র দেবীকে আহ্বান করেছিলেন বলে এ পূজা শারদীয় দুর্গা পূজা নামে পরিচিত। এটাকে অকাল বোধনও বলা হয়। কারণ শ্রীরামচন্দ্র অকালেই দুর্গাকে ডেকেছিলেন।
দুর্গা দেবীর প্রকৃত আগমনের সময় চৈত্র মাস। অর্থাৎ বসন্ত কাল। চৈত্র মাসে যে দুর্গা পূজা হয় তাকে বলা হয় বাসন্তী পূজা। তবে আমাদের দেশে শারদীয় পূজাই সবার কাছে বেশি পরিচিত।
ঈদের আনন্দ শেষ হতে না হতেই এবার এসে হাজির হয়েছে বাঙালির আরেক উৎসব শারদীয় দুর্গা পূজা। এটি বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
বাঙালির দীর্ঘদিনের ঐতিহ্য ঈদ ও পূজায় হিন্দু মুসলমান একে অপরের ধর্মীয় উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। একে অপরের আনন্দ ভাগাভাগি করে। এবার এ দু'টি পার্বন একেবারে পাশাপাশি হওয়ায় উৎসবের আমেজ যেন তাই ঈদের পরও কটেনি। ঈদ গেল তো পুজো এল। এ যেন বাঙালির ধারাবাহিক উৎসবের কাল।
দেশে এবার ২২ হাজার মণ্ডপে দুর্গা পূজা হচ্ছে বলে জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি নিম চন্দ্র ভৌমিক। এ সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা বেশি।
তিনি জানান, ঢাকা মহানগরীতে এবার ১৬৫টি মণ্ডপে পূজা হচ্ছে। গত বছর হয়েছিল ১৫৮টিতে।
রাজধানীর বনানী খেলার মাঠে গুলশান সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এবারই প্রথম একটি মণ্ডপে পূজা হচ্ছে।
রোববার সন্ধ্যায় এ মণ্ডপে শারদোৎসব উদ্বোধন করে ধর্ম উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, "দুর্গোৎসবে অসুর বধের মাধ্যমে অশুভকে যেভাবে বিদায় জানানো হয়, তেমনি আগামীতে বাংলাদেশ থেকেও হিংসা-বিদ্বেষ যেন বিদায় হয় এ আশা করি।"
সভাপতির বক্তব্যে গুলশান সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত বীরউত্তম রাষ্ট্রধর্ম রাখার বিধান বাতিল এবং ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।
এর আগে তিনি মঙ্গল প্রদীপ জ্বেলে পূজার আনুষ্ঠানিকতা শুরু করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিকলাল সমাদ্দার, সাবেক উপদেষ্টা ও বনানী সোসাইটির সভাপতি এএসএম শাহজাহান, গুলশান সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পান্নালাল দত্ত প্রমুখ।
অনুষ্ঠান শেষে বোধন নামে একটি স্মরণিকার আনুষ্ঠানিক প্রকাশ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা হাসান আরিফ।
ঢাকেশ্বরী মন্দিরের পাশে মহানগরী পূজা উদযাপন কমিটি নির্মাণ করেছে বিশাল মণ্ডপ। বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে স্থাপিত পূজা মণ্ডপ কিছুটা যেন ফাঁকা রয়েছে।
প্রতিবারের মতো এবারও পূজায় সকল স
bdnews24