ঢাকা, ০৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি পোস্টাল অপারেটরদের আইনের আওতায় আনতে 'পোস্ট অফিস সংশোধন অধ্যাদেশ ২০০৮' এ নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
রোববার বিকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, "১৮৮৯ সালের পোস্ট অফিস আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করে প্রাইভেট পোস্টাল অপারেটরদেরও এ আইনের অধীনে আনা হচ্ছে। আইন মন্ত্রণালয়ে যাচাইবাছাইয়ের পর প্রস্তাবিত অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হবে।"
রেগুলেটরি রিফর্মস কমিশন এ আইন সংশোধনের সুপারিশ করে বলে ফাহিম মুনয়েম জানান।
সাংবিধানিক পদে দায়িত্বপালনরত ব্যক্তিদের মহার্ঘ ভাতা দেওয়ার লক্ষে 'মহার্ঘভাতা: সাংবিধানিক পদ অধ্যাদেশ ২০০৮' শিরোনামে একটি প্রস্তাব উত্থাপন করা হয় রোববারের বৈঠকে।
সাংবিধানিক পদগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে এবং আরো পরীক্ষানিরীক্ষার পর পুনরায় উত্থাপনের জন্য প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে বলে প্রেস সচিব জানান।
চলতি বছরের ০১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা কার্যকর করা হয়। এ প্রস্তাবটি আইনে পরিণত হলে সাংবিধানিক পদে দায়িত্বপালনরত ব্যক্তিরাও এই মহার্ঘ ভাতা পাবেন।
এছাড়া গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন জমির দাম পুনর্র্নিধারণ এবং ফ্ল্যাট ও প্লট হস্তান্তর ফি ও সার্ভিস চার্জ বাড়ানোর একটি প্রস্তাবও এদিন উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হয়। তবে পরিষদ এ প্রস্তাবও ফেরত পঠিয়েছে।
ফহিম মুনয়েম জানান, আরো পরীক্ষানিরীক্ষা করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মতামত নিয়ে একটি সমন্বিত (কমপ্রিহেনসিভ) প্রস্তাব আকারে এটি জমা দেয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/জেকে/এমএইচবি/১৯৫৯ ঘ.
bdnews24