ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচনে ঢাকা-৫ (ক্যান্টনমেন্ট-কাফরুল) আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তার দল নির্বাচনে ৬০ আসনে প্রার্থী দেবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার বিকালে মহাখালীর নিউ ডিওএইচএস-এ দলের কার্যালয়ে কয়েকটি জেলার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাবেক এই মেজর জেনারেল বলেন, ''এবারের নির্বাচনে কল্যাণ পার্টি দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের পরিহার করবে।''
তিনি সংসদ নির্বাচনের এক মাস আগে জরুরি আইন প্রত্যাহারের দাবিও জানান।
চিহ্নিত দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে ইবরাহিম বলেন, ''এ বিষয়ে অবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে। আসন্ন নির্বাচনে জনগণ দুর্নীতিবাজদের মনোনয়ন চায় না -রাজনৈতিক দলগুলোকে জনগণের অনুভূতি বুঝতে হবে।"
রাজশাহী, চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, মিরেরসরাই ও ঢাকা মহানগরীর নেতাদের এই মতবিনিময়ে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় নেতা সাদেক আহমেদ খান, বাগেরহাটের অধ্যক্ষ শাহজাহান আলী, চুয়াডাঙ্গার সানোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার নজরুল ইসলাম, মিরেরসরাইয়ের মাওলানা ইউসুফ, মহানগর নেতা বদরুদ্দোজা বাবলা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/১৯২৩ ঘ.
bdnews24