২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুর আলীর মামলায় জামিন খারিজের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল

ব্যবসায়ী নুর আলীর চাঁদাবাজি মামলায় জামিন খারিজের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2008, 10:06 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী নুর আলীর চাঁদাবাজি মামলায় জামিন খারিজের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এই আপিল আবেদনের ওপর শুনানি হতে পারে। রোববার সুপ্রিম কোর্টের আপিল শাখায় (সেকশনে) শেখ হাসিনা আবেদনটি দায়ের করেন। আওয়ামী লীগ সভানেত্রীর প্রধান আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক আপিল দায়েরের পরে সাংবাদিকদের বলেন, "কাল (সোমবার) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনে ওপর শুনানি অনুষ্ঠিত হবে।" শেখ হাসিনার অপর আইনজীবী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসও বিষয়টি জানিয়ে বলেন, "আপিল দায়ের করেছি। কাল আমরা আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করবো।" গত ২৯ সেপ্টেম্বর ব্যবসায়ী নুর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় শেখ হাসিনার জামিন আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। এর আগে গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্টের একই বেঞ্চে হাসিনার জামিনের আবেদনের ওপর উভয়পক্ষের শুনানি গ্রহণ করা হয়। এই মামলায় হাইকোর্ট গত বছরের ৭ আগস্ট হাসিনাকে জামিন দিয়েছিল। কিন্তু আপিল বিভাগ ২০ দিন পরে তা স্থগিত করে দেয়। ২০০৭ সালের ১৩ জুন ইউনিক গ্র"পের চেয়ারম্যান নূর আলী ৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে শেখ হাসিনা, তার দুই আত্মীয়- শেখ হেলাল ও তার স্ত্রী রূপা চৌধুরীর বিরুদ্ধে তেঁজগাও থানায় মামলাটি দায়ের করেন। ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পর এবছর ১১ জুন সরকারের নির্বাহী আদেশে বিদেশে চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এসকে/১৬০১ঘ.