চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের পূজা মণ্ডপগুলোতে রোববার মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে।
মহা ষষ্ঠীতে দেবী পক্ষের বোধনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পূজামণ্ডপ এবং এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেবী দুর্গাকে বরণ করে নিতে বিভিন্ন মণ্ডপের প্যান্ডেলগুলো সাজানো হয়েছে নানা রঙে ও কারুকাজে।
নগরীর হাজারী গলি, দক্ষিণ নালাপাড়া, দেওয়ানজী পুকুর লেইন, রাজাপুকুর লেইন, চেরাগী পাহাড়, সদরঘাট, টেরী বাজার, বৃন্দাবন আখেরা, ঘাট ফরহাদবেগ, এনায়েত বাজার, পশ্চিম ষোলশহর এলাকার পূজার আয়োজন চোখে পড়ার মতো।
রোববার মহা ষষ্ঠীতে পূজার আনুষ্ঠানিকতা শুরু হলে সোমবার মহাসপ্তমী থেকেই সাড়ম্বরে পূজা শুরু হবে। পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে আগামী ৯ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীতে পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।
এবার মহানগরীসহ চট্টগ্রাম জেলায় ১৪৪৯ টি মণ্ডপে সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গণেশ দে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহানগরীতে ২০০টি, উত্তর জেলায় ৬০৪টি এবং দক্ষিণ জেলায় ৬৪৫টি মণ্ডপে পূজা হবে। এর বাইরে ব্যক্তিগত উদ্যোগে ঘট পূজাও হবে।"
তিনি জানান, রাউজান, রাঙ্গুনিয়াসহ জেলার দুর্গম এলাকার বেশকিছু পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ রয়েছে। এগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আলোচনা হয়েছে।
রোববার সকাল থেকেই অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীসহ জেলার সকল পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। শহরের প্রতিটি মণ্ডপেই পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি র্যাবও ভ্রাম্যমাণ টহল বাড়িয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহরের মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশ সদস্যরা মণ্ডপগুলোতে নিয়মিত ডিউটির বাইরে বিশেষ টহল দল নিরাপত্তার দায়িত্বে থাকবে।"
জেলা পুলিশ সুপার কামরুল হাসান জানান, জেলার সব পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি থানার পুলিশ সদস্যরা পূজা মণ্ডপে যাতে অপ্রীতিকর কিছু না ঘটে এজন্য বিশেষ নজর রাখবে।
এর পাশাপাশি কমিউনিটি পুলিশ ও আনসার সদস্যরা সংশ্লিষ্ট এলাকার মণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/কিউএইচ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24