ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন রাজনৈতিক দল গড়ছেন বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহম্মদ। তার দলের নাম হবে 'ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন'।
বেসরকারি টেলিভিশন 'চ্যানেল আই' শনিবার জানিয়েছে, আগামী ৮ অক্টোবর কনভেনশনের মাধ্যমে এই নতুন দল আত্মপ্রকাশ করবে।
কাজী ফারুক চ্যানেল আইকে বলেন, "কালো টাকা মুক্ত সমাজ গঠন এবং দুর্বৃত্তায়ন মুক্ত রাজনীতিই হবে আমার দলের লক্ষ্য।"
তিনি জানান, এরই মধ্যে ১৬৫টি থানা ও ৩৬টি জেলায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের কমিটি হয়েছে। জেলা কমিটির সদস্যরাই কনভেনশনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করবে।
রাজধানীর মিরপুরে কনভেনশনের কাজ চলছে বলেও চ্যানেল আইয়ের খবরে উল্লেখ করা হয়।
এর আগে আরেক বেসরকারি সংস্থা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস গত বছর ফেব্র"য়ারিতে নাগরিক শক্তি নামে একটি নতুন দল গঠনের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তিনি মত পাল্টান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/ডিডি/জেকে/
bdnews24