২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ২২ হাজার মণ্ডপে দুর্গা পূজা হচ্ছে

দুর্গা দেবীর বোধনের মধ্য দিয়ে রোববার বিকাল থেকে শুরু হচ্ছে সার্বজনীন দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। মণ্ডপগুলোতে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি নিম চন্দ্র ভৌমিক জানিয়েছেন, গত বছরের তুলনায় পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গা দেবীর বোধনের মধ্য দিয়ে রোববার বিকাল থেকে শুরু হচ্ছে সার্বজনীন দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। মণ্ডপগুলোতে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি নিম চন্দ্র ভৌমিক জানিয়েছেন, গত বছরের তুলনায় পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এবার সারাদেশে প্রায় ২২ হাজার মণ্ডপে দুর্গা পূজা হবে। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় এক হাজার বেশি।" এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "পূজা উদযাপন সংক্রান্ত বিভিন্ন কমিটির তৎপরতার কারণেই এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে। পাশাপাশি প্রশাসন ও অন্য ধর্মাবলম্বীদেরও সহযোগিতা রয়েছে।" এবার সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, নরসিংদী, চট্টগ্রামসহ দেশের বেশ কয়েকটি স্থানে পুজা মণ্ডপে হামলা হয়েছে জানিয়ে নিম চন্দ্র বলেন, "শান্তিপূর্ণভাবে সারাদেশে যাতে পূজা উদযাপিত হতে পারে সে ব্যবস্থা সরকারকেই করতে হবে।" একাত্তরের সেক্টর কমান্ডার ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির প্রধান উপদেষ্টা সি আর দত্ত বলেন, "পূজায় নিরাপত্তার জন্য সারাদেশে পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রশাসনসহ সবাই এ ব্যাপারে তৎপর রয়েছে।" ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি কাজল দেবনাথ বলেন, "স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ ও র‌্যাবের ঊর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যথাযথ নিরাপত্তার ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন।" ঢাকা মহানগরীতে এবার ১৬৫টি মণ্ডপে পূজা হবে। গত বছরের চেয়ে এ সংখ্যা ৭টি বেশি। রাজধানীর গুলশানে এবারই প্রথম একটি মণ্ডপে পূজা হচ্ছে। দুর্গোৎসবকে সবার উৎসব অভিহিত করে ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার পাল বলেন, "দুর্গাপূজার অন্তর্নিহিত চেতনা হলো দুষ্টের দমন আর শিষ্টের পালন। রাস্ট্রীয় ও সমাজ জীবনেও এর প্রতিফলন হোক। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের ঐক্যের মন্ত্র হোক এক জাতি এক প্রাণ।" রোববার দেবীর বোধনের মধ্য দিয়ে বিকাল থেকে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। ৯ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সার্বজনীন এ উৎসব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২০০৫ ঘ.