তৌফিক ইমরোজ খালিদী
ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি কাজের জন্য সাড়ে তিনশ' কোটি টাকা বেশি খরচ হবে, সময়ও লাগবে ঝাড়া একটি বছর বেশি তবু কাজটি কম টাকায় এবং দ্রুততর সময়ে শেষ করার ভাবনাকে আমল দেব না।
হ্যাঁ, সরেজমিন অনেক ঘটনা খতিয়ে দেখলে মনে হতে পারে বাংলাদেশের আমলাতন্ত্র কাজ করে এভাবেই। খোঁড়া যুক্তিতে দু'দুবার একটি দরপত্র প্রক্রিয়া বাতিলের ব্যাপারকে স্রেফ লাল ফিতার দৌরাত্মের প্রকৃষ্ট নমুনা ছাড়া আর কি-ইবা বলা যায়।
এই অচলাবস্থা থেকে কারো যে বড় কোনও লাভ হচ্ছে তা কিন্তু নয়। অবকাঠামো দুর্বলতায় ধুঁকতে থাকা বাণিজ্য খাতের তো নয়ই।
তবে নিঃসন্দেহে সবচেয়ে বড় ক্ষতিটি হচ্ছে এ দেশের জনগণের। বছরের পর বছর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ মহাসড়কটিতে দুর্ঘটনায় প্রাণ দিচ্ছেন শত শত মানুষ।
বিশেষজ্ঞের কাছ থেকেই বিষয়টি শোনা যাক।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "আমাদের মহাসড়কগুলোর মধ্যে এটাই (ঢাকা-চট্টগ্রাম) সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সড়ক পথে সবচেয়ে বড় আকারের যান কন্টেইনার-ট্রেলারগুলো এ মহাসড়কটিই ব্যবহার করে। এবং প্রায় প্রতিদিন ঘটা সবচেয়ে বড় দুর্ঘটনাগুলোও এ সড়কেই হয়।"
সরকারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিআরটিএ-র হিসাবে দেশে প্রতি বছর দুর্ঘটনায় যে দু'হাজার লোকের মৃত্যু হয় তার এক-চতুর্থাংশের বেশি প্রাণ হারায় শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। সড়ক নিরাপত্তা বিষয়ে অন্যতম শীর্ষ গবেষক মাজহারুল ইসলামের মতে, আসল সংখ্যা হতে পারে এর পাঁচ গুণ।
দরপত্র মূল্যায়ন কমিটির পরামর্শ মেনে দাউদকান্দি- চট্টগ্রাম ১৯৮ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ এই মুহূর্তে শুরু করলেও স
bdnews24