২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে ঈদের আনন্দ

এক মাস রোজার পর সারাদেশ ভাসছে ঈদের খুশিতে। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে বৃহস্পতিবার সকালে নামাজ পড়ে ঈদ পালন করছেন সারাদেশের মুসলমানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2008, 06:04 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এক মাস রোজার পর সারাদেশ ভাসছে ঈদের খুশিতে। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে বৃহস্পতিবার সকালে নামাজ পড়ে ঈদ পালন করছেন সারাদেশের মুসলমানরা। রাজধানীতে ঈদের প্রধান ধর্মীয় আনুষ্ঠানিকতা ঈদের জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ নুরউদ্দিন। ঈদের জামাতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, উপদেষ্টাবৃন্দ, সরকারি ও সামরিক বাহিনীর উর্ধবতন কর্মকর্তা, রাজনীতিবিদও বুদ্ধিজীবী ছাড়াও সমাজে সর্বস্তরের মানুষজন অংশ নেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এখানে এবার হয়েছে পাঁচটি জামাত। ঈদ আরবী শব্দ যার অর্থ হচ্ছে উৎসব, আনন্দ, খুশি। গরীব-দুঃখীদের 'ফিতরা' সাহায্য দেওয়া হয় বলে এ ঈদের নাম ঈদুল ফিতর। ইসলামী ধর্র্মবিশ্বাস অনুযায়ী ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে সংযম চর্চা এবং খোদার রহমত ও মুক্তিলাভের মাস রমজানের অবসানে পরদিন ছোট-বড়, ধনী-গরীব নির্বিশেষে সব মুসলমান এক কাতারে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে জোরদার হয় সৌভ্রাতৃত্ব। ধর্মীয় দিকের বাইরে ঈদের আনন্দের সবচেয়ে বড় দিকটি নতুন পোশাক-পরিচ্ছদ ঘিরে। এ আনন্দ ছোটদেরই বেশি হলেও বড়রাও অনেকেই পিছিয়ে থাকেন না খুব একটা। নতুন পোশাক পরে সকাল থেকেই পাড়ায় মহল্লায়, সড়কে বেরিয়ে পড়েছেন নানা বয়সের মানুষ। মোড়ে মোড়ে কিশোর তরুণদের আড্ডা , তরুণীদের রিকশায় ঘোরাঘুরি, বাবার হাত ধরে রঙিন জামা পড়া শিশু আর জোরে গান বাজিয়ে হুশহাশ দ্রুতগামী প্রাইভেট কারের ছুট এসবই বলে দেয় আজ ঈদ। বাড়িতে বাড়িতে চলছে নানা পদের খাবারের আয়োজন। হতদরিদ্র যারা, ঈদের খরচ মেটানো যাদের কাছে ঈদের চাঁদের মতোই অধরা স্বপ্ন, তারাও দান-খয়রাতের সুবাদে একটু ভালো খাওয়ার চেষ্টা করবেন। ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ পৃথক পৃথক বাণীতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের নামাজ শেষে সকালে বঙ্গভবনে অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ ও প্রধান উপদেষ্টা ভবনে ড. ফখরুদ্দীন আহমদ পৃথক পৃথকভাবে ক ূটনীতিক ও গণমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সাবেক দুই প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ রাজনৈতিক নেতারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান আর্চবিশপ পৌলিনুস কস্তা ও জাতীয় হিন্দু মৈত্রী পরিষদের আহবায়ক অরুণ সরকার রানা, অধ্যাপক বলরাম গোপ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, সাধারণ সম্পাদক নরুল চন্দ্র সাহা পৃথক পৃথক বিবৃতিতে মুসলিম স