চট্টগ্রাম, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর ও শুল্ক বিভাগের কাজে গতিশীলতা আনতে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন প্রতিষ্ঠান দুটিকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন।
তিনি শুল্ক প্রক্রিয়া ত্বরান্বিত করতে শুল্ক বিভাগের স্বয়ংক্রিয় (অটোমেশন) পদ্ধতি যত দ্রুত সম্ভব শেষ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।
একইসঙ্গে বন্দরের বর্তমান সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে জাতীয় প্রয়োজনে এই উন্নতি ধরে রাখার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন উপদেষ্টা।
বৃহস্পতিবার বিকালে বন্দর ভবনে অনুষ্ঠিত বন্দর ও শুল্ক বিভাগের সমন্বয় সভায় তিনি দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এসব নির্দেশ দেন।
বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন ইয়াহিয়া সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপদেষ্টা বৈঠকে বন্দরে স্থায়ী বার্থ অপারেটর নিয়োগের জন্য দরপত্র আহবানের বিষয়েও খোঁজ খবর নেন।
বন্দর কর্তৃপক্ষ দরপত্র আহবানের জন্য প্রাক্কলনের খসড়া তৈরির কাজ শেষ করেছে এবং দ্রুত এ প্রক্রিয়াটি সম্পন্ন হবে বলে উপদেষ্টাকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
ক্যাপ্টেন ইয়াহিয়া জানান, উপদেষ্টা বন্দরে নিলামযোগ্য মালামালের নিলাম প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছভাবে শেষ করার জন্যও সংশ্লিষ্টদের তাগিদ দেন। এজন্য বন্দর কর্তৃপক্ষকে শুল্ক বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন যাতে করে এ প্রক্রিয়ায় গতিশীলতা আসে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব এনায়েত উল্লাহ, বন্দর চেয়ারম্যান কমোডোর এম ফারুক, কাস্টমস কমিশনার (আমদানী) মো. নাছিরউদ্দিনসহ টাস্কফোর্স, বন্দর ও শুল্ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপদেষ্টাকে শুল্ক বিভাগে চলমান যৌথবাহিনীর টাস্কফোর্সের গৃহীত সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। তিনি টাস্কফোর্সের সংস্কারে সন্তোষ প্রকাশ করেন। এই কার্যক্রমের মাধ্যমে শুল্ক বিভাগকে দূর্নীতিমুক্ত করতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শও দেন তিনি।
শুল্ক প্রক্রিয়া সহজীকরণ ও দ্রুত মালামাল খালাসে বন্দরে পিএসআইসহ বিভিন্ন সংস্থার বুথ স্থাপনে কর্তৃপক্ষকে দ্রুত এগিয়ে আসার তাগিদ দিয়েছেন উপদেষ্টা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২২০৫ ঘ.
bdnews24