২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজুক বিএসসিকে নতুন আঙ্গিকে গড়ে তোলা হবে: মতিন

বাংলাদেশ শিপিং করপোরেশনের ক্রমাবনতিশীল অবস্থা এবং দিন দিন কম লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমএ মতিন। সংস্থার দৈন্য দশায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শেয়ার হোল্ডাররাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

চট্টগ্রাম, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিপিং করপোরেশনের ক্রমাবনতিশীল অবস্থা এবং দিন দিন কম লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমএ মতিন। সংস্থার দৈন্য দশায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শেয়ার হোল্ডাররাও। উপদেষ্টা জানান, বিমানের মত সংস্কার করে বিএসসিকেও নতুন আঙ্গিকে গড়ে তোলা হবে। আগামী ১ জুলাইয়ের মধ্যে সংস্থাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রুপান্তরের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) উর্ধ্বতন কর্মকর্তারা সাধারণ শেয়ার হোল্ডারদের তোপের মুখে পড়েন। বর্তমানে সংস্থাটির যে দুরবস্থার মধ্য দিয়ে চলছে তাতে আগামী পাঁচ বছরের মধ্যে এটি বিলুপ্ত হয়ে যাবে বলে তারা আশংকা প্রকাশ করেছেন। প্রতিষ্ঠানটি রক্ষায় তারা সরকারের উপরি মহলের হস্তক্ষেপ কামনা করেন। বিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান ও নৌ পরিবহন উপদেষ্টা এম এ মতিন। সংস্থার বর্তমান দূরবস্থা মেনে নিয়ে তিনি বলেন, এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হওয়ার পরও যে সমস্যা চলছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এসব অব্যবস্থাপনা দূরীকরণে আগামী ১ জুলাইয়ের মধ্যে সংস্থাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে (পিএলসি) রূপান্তরের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন। তিনি বলেন, "বর্তমান কর্মকাণ্ডে আমি মোটেও সন্তুষ্ট নই। প্রত্যাশার চেয়ে এখানে প্রাপ্তির পাল্লা খুবই কম। বর্তমান অবস্থায় বিএসসির অপারগতা মেনে নিতে দ্বিধা নেই। কিন্তু এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।" এ সাধারণ সভার পর থেকে শেয়ার হোল্ডারদের দাবি পূরণ করতে বিএসসির কর্মকর্তাদের কাজ শুরু করার নির্দেশ দেন তিনি। উপদেষ্টা জানান, বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকারও উদ্যোগী ভূমিকা পালন করছে। এজন্য ৮৪ কোটি টাকা ব্যয়ে একটি নতুন কন্টেইনারবাহী জাহাজ কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ঢাকায় বিএসসির একটি ৩০ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের বিষয়টিও এখন থেকে আর ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে না। এ দুটি পদক্ষেপ যাতে বাস্তবায়ন হয় সেজন্য শিগগির ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি শেয়ার হোল্ডারদের আশ্বস্ত করেন। তিনি বলেন, গত দুই দশকে বিএসসির ২৬টি জাহাজের বহর ছোট হতে হতে ১৩টিতে এসে ঠেকেছে। এটিই বিএসসির নাজুক অবস্থার বড় প্রমাণ। এজন্য এখানেও ব্যাপক সংস্কার করা হবে। বিমানে মত একে গড়ে তোলা হবে নতুন আঙ্গিকে। সাধারণ সভায় সময় কম বলে বক্তব্য পরে শোনা হবে এই ঘোষণা দেওয়ার পর উপস্থিত প্রায় চার'শ শেয়ার হোল্ডার ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা উচ্চস্বরে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। পরে উপদেষ্টার হস্তক্ষেপে তারা শান্ত হন এবং কয়েকজনকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। সংস্থার সাধারণ শেয়ারহোল্ডারদের সংখ্যা ১৫৮০। শেয়ার হোল্ডাররা তাদের বক্তব্যে জাহাজ পরিচালনার পরিবর্তে ভাড়া দিয়ে চালানোর তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, দূনীতিসহ নানাভাবে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানকে ডুবিয়ে দেওয়া হচ্ছে। শেয়ার হোল্ডার রফিক উদ্দিন আহমেদ বলেন, জাহাজ ভাড়া দিয়ে চালানো হলে বিএসসি এত লোকের দরকার কিসের। মাথাভারী প্রশাসনের কারণে লাভের বড় অংশই চলে যাচ্ছে তাদের পিছনে। এতে সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ কমে যাচ্ছে। তিনি শিগগিরই পিএলসিতে রূপান্তরের দাবি জানান। আবুল হোসাইন বলেন, নানা অনিয়মের কারণে প্রতিবছর লভ্যাংশ কমছে। সংস্কারের মাধ্যমে বিএসসিকে বাঁচাতে উপদেষ্টাকে জরুরি পদক্ষেপ গ্রহণের আহবান জানান। শেয়ার হোল্ডার রোকেয়া জেবুন নেসা বলেন, যোগ্য নেতৃত্ব, অদূরদর্শিতা ও অনিয়মের কারণে প্রতি বছর সম্পদ হারাচ্ছে বিএসসি। এর অস্তিত্ব নিয়ে সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে যে প্রশ্ন উঠেছে তা নিরসনের দাবি জানান তিনি। সভায় অগ্রণী ব্যাংকের প্রতিনিধি অতিরিক্ত মহাব্যবস্থাপক আবুল হাশেম খান বলেন, গত কয়েক বছর লাভ করলেও বিএসসির মোট লোকসানের পরিমাণ পুষিয়ে নিতে ৬৫ বছরের বেশি সময় চলে যাবে। আর এ বছর যে লাভের ঘোষণা দেওয়া হয়েছে তাতেও গোঁজামিল রয়েছে বলে তিনি অভিযোগ করেন। বিএসসির নির্বাহী পরিচালক শহিদুল আলম শেয়ার হোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় বলেন, বর্তমান ১৩টি জাহাজের অধিকাংশরই গড় বয়স ২৫ বছর পেরিয়ে গেছে। বহরে নতুন জাহাজ যোগ না হলে পাঁচ বছর পর বিএসসির অস্তিত্ব শুধুমাত্র কাগজ-কলম নির্ভর হয়ে উঠতে পারে। তিনি বলেন, গত তিন বছর বেশ কয়েকটি জাহাজ মেরামত ও যান্ত্রিক ত্র"টির জন্য অধিকাংশ সময় অলস বসে থাকায় লাভের পরিমাণ কমে গেছে। এর আগে ব্যবস্থাপনা পরিচালক কামরুল আলম রব্বানী গত অর্থ বছরে (২০০৬-০৭) সংস্থার ১৫ কোটি ৯৬ লাখ টাকা নিট লাভ এবং ১০ শতাংশ লভ্যাংশের ঘোষণা দেন। তিনি জানান, জুলাই ২০০৭ থেকে এ পর্যন্ত বিএসসি ১৪ কোটি টাকা আয় করেছে। এছাড়া সভায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব এনায়েত উল্লাহ, বিএসসির নির্বাহী পরিচালক আব্দুল হান্নান শেখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯৪৭ঘ.