২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজেদার সম্পত্তির হিসাব যথাযথ হলে গ্রহণ করুন: দুদককে সুপ্রিম কোর্ট

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সম্পত্তির হিসাব বিবরণী যথাযথ হলে তা গ্রহণ করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 01:32 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সম্পত্তির হিসাব বিবরণী যথাযথ হলে তা গ্রহণ করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপশি সাজেদাকে দেওয়া দুদকের নোটিশের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশ ১২ ফেব্র"য়ারি পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। ওইদিন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা আপিলের আবেদনের ওপর শুনানি হবে। প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। গত ২ ডিসেম্বর সাজেদা চৌধুরীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার সম্পত্তির হিসাব চেয়ে দুদকের দেওয়া নোটিশের কার্যক্রম স্থগিত করে। ওই আদেশ স্থগিতের জন্য দুদক আবেদন জানালে ৩ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত ১৩ জানুয়ারি পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। নিয়মিত বেঞ্চ পরে স্থগিতাদেশের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেয়। আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করার পর ২২ জানুয়ারি সাজেদা চৌধুরী নিজের ও স্বামী-সন্তানের সম্পদের হিসাব বিবরণী জমা দেন। তবে ২৪ জানুয়ারি দুদক ওই হিসাব নিতে অস্বীকৃতি জানায়। সাজেদার পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ বিষয়টি আপিল বিভাগের নজরে আনেন। অন্যদিকে, দুদকের পক্ষে অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুইয়া শুনানিতে বলেন, দুদকের করা একই ধরনের আপিল আবেদনের ওপর ১২ ফেব্র"য়ারি একই আদালতে শুনানি হবে। ওই দিন লিভ টু আপিলের ওপর শুনানি গ্রহণ করার জন্য তিনি আবেদন জানান। দুর্নীতি দমন কমিশন গত ১৮ নভেম্বর সৈয়দা সাজেদা চৌধুরীর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৯১৪ঘ.