জয়পুরহাট, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের একটি আদালত বুধবার দুই অ্যাসিড সন্ত্রাসীকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে।
এরা হচ্ছে, কালাই উপজেলার টাকাহুত গ্রামের খায়রুল ইসলাম ও খয়বর আলী।
আসামি খয়বর আলীর তালাকপ্রাপ্তা স্ত্রী জহুরা বেগমের ওপর অ্যাসিড ছোড়ার দায়ে তাদের এ সাজা দেন জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আব্দুল হামিদ।
২০০৫ সালের ১৫ মে রাতে জহুরা বেগম অ্যাসিডদগ্ধ হন। গুরুতর আহত জহুরা পরে হাসপাতালে মারা যান।
আদালত ১৪ বছর কারাদণ্ডের পাশাপাশি উভয় আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। অনাদায়ে আরও ১ বছর কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৪ ঘ.
bdnews24