ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঘূর্ণিদুর্গতদের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বিমান বাহিনী ৫ লাখ টাকা অনুদান দিয়েছে।
বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের কাছে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
বিমান বাহিনীর কর্মকর্তাদের এক দিনের বেতন ও অন্যান্য সদস্যের স্বেচ্ছায় প্রদানকৃত অনুদান থেকে এ অর্থ সংগ্রহ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ ইনামুল বারী উপস্থিত ছিলেন।
এর আগেও বিমান বাহিনী সিডরে আক্রান্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫ লাখ টাকা অনুদান দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমএ/১৩৪৯ঘ.
bdnews24