ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও ও সবুজবাগ থানা এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে দুশটি ইয়াবা ট্যাবলেট ও ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র্যাব সদস্যরা।
র্যাব- ৩ এর অপারেশন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি সংঘবদ্ধ চক্রের ইয়াবা ব্যবসার খবর পেয়ে র্যাব সদস্যরা পূর্ব বাসাবোর একটি বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া হুমায়ুন কবিরের ফ্ল্যাট থেকে দুশটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় হুমায়ন কবীরকে আটক করা হয়।
এ ব্যাপারে সবুজবাগ থানায় একটি মামলা হয়েছে।
ওই রাতেই র্যাব- ৩ এর আরেকটি দল খিলগাঁও থানা এলাকার তিলপাপাড়ায় অভিযান চালিয়ে বাদল (২৫) ও জুয়েল (২৬) নামে দুজনকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি চাপাতিসহ গ্রেপ্তার করে।
আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে জানায় র্যাব।
এ ব্যাপারে খিলগাঁও থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/টিএইচ/এসএনডি/২২১৮ ঘ.
bdnews24