রিয়াজুল বাশার ও মাহমুদ শরীফ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের একুশে বইমেলায় বইয়ের দাম আগেরবারের চেয়ে ২০ শতাংশ বাড়ছে। কাগজের দাম ও আনুষাঙ্গিক খরচ বেড়ে যাওয়াকেই এর জন্য দায়ী করছেন প্রকাশকরা।
প্রকাশকরা জানান, গত বছরের মেলায় বইয়ের প্রতি ফর্মার দাম সাধারণভাবে ১৫ থেকে ১৭ টাকা থাকলেও এবার তা অন্তত ২০ ভাগ বাড়ছে।
প্রকাশনা সংস্থা 'আগামী' এর প্রধান নির্বাহী ওসমান গনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতবারের তুলনায় এবার কাগজের দাম ২৫ শতাংশ বেড়েছে। এ কারণে আমরা বইয়ের দাম ২০ শতাংশ বাড়িয়ে দিয়েছি। দাম বাড়ার ঘটনা পাঠকরা কীভাবে নেবে তা এখনও জানি না।"
বইমেলা এলেই কাগজের দাম আরও বেড়ে যায়- অভিযোগ করে তিনি বলেন, "এ বছর প্রতি রিম বিদেশি কাগজ কিনতে হচ্ছে দু'হাজার টাকায়। আগের বছর এর দাম ছিল ১৬৫০ টাকা। প্রতি রিম দেশি কাগজ এবার বিক্রি হচ্ছে হচ্ছে ১৭৫০ টাকায়। আগের বছর তা ছিল ১৪০০ টাকা।"
গতবছর একুশে বইমেলায় ২৪০২ টি বই প্রকাশিত হলেও এবার তা অনেক কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন ওসমান গনি।
তিনি বলেন, "এবারের বইমেলায় বড়জোর ১৫০০ বই প্রকাশিত হবে বলে আমরা আশঙ্কা করছি।"
কাগজের ওপর বর্তমানে আরোপ করা ট্যাক্স, ভ্যাট অন্তত ৫০ শতাংশ কমানোর দাবি জানান তিনি।
আরেক প্রকাশনা সংস্থা 'ঐতিহ্য' এর প্রধান নির্বাহী আরিফুর রহমান নাঈম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত কয়েক বছর ধরে অব্যাহতভাবে বইয়ের দাম বাড়লেও তা পাঠকদের জন্য সহনীয় ছিল। কিন্তু এবার একলাফে বইয়ের দাম অনেক বেড়ে যাচ্ছে।"
বইয়ের দাম বাড়ার জন্য কাগজের বর্ধিত দামের পাশাপশি প্রচ্ছদ, ছাপা, বাঁধাইসহ আনুষাঙ্গিক খাতে খরচ বেড়ে যাওয়াকেও দায়ী করেন তিনি।
তিনি বলেন, "গতবার ১০ ফর্মার বইয়ের দাম ছিল ১৬০ টাকা। এবার তা বেড়ে হচ্ছে দুশ টাকা।"
প্রকাশনা সংস্থা 'অনন্যা' এর প্রধান নির্বাহী মুনিরুল হক বলেন, "গত বইমেলায় কাগজ ভেদে বইয়ের প্রতি ফর্মার দাম ১৫ থেকে ১৭ টাকা ছিল। কিন্তু এবার দাম ২০ থেকে ২৫ শতাংশ বাড়বে।"
মুনিরুল হক অভিযোগ করেন, "কাগজের দাম আজ এক রকম তো কাল অন্যরকম। অনেক সময় কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে কাগজের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করার জন্য আমরা সরকারকে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি। কিন্তু কাজ হয়নি।"
পার্ল পাবলিশার্স এর হাসান জায়েদি তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাম বৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব পড়বে নবীন লেখকদের বই বিক্রির ওপর। কারণ অনেকই বেশি টাকা দিয়ে নতুন লেখকের বই কেনার ক্ষেত্রে সংশয়ে থাকবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমডিএস/এসএনডি/এমএইচবি/২১৫১ ঘ.
bdnews24