চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকঋণ পরিশোধ না করে জাল কাগজপত্রের মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত গাড়ি খালাস করার অভিযোগে সোমবার গভীর রাতে পাঁচলাইশ থানার শুলকবহর এলাকা থেকে তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- আলমগীর হোসাইন, মোহাম্মদ সোহেল ও শাহজাদা আল মামুন।
র্যাব-৭ এ কর্মরত সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিল অব লেডিং ছাড়াই শিপিং এজেন্টের ডেলিভারি অর্ডার (ডিও) জালিয়াতি এবং ব্যাংকঋণ পরিশোধ না করে বন্দর থেকে আমদানিকৃত গাড়ি খালাস করে নিয়ে যাচ্ছিলেন। গ্রেপ্তারকৃত আলমগীর হোসাইন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স সাফ এন্ড এফ ইন্টারন্যাশনালের মাধ্যমে এসব জালিয়াতি করে আসছিলেন। সোমবার রাত একটার দিকে পাঁচলাইশের শুলক বহর মাতৃনীড় নামের একটি বাসা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, নথিপত্র জালিয়াতির করে গাড়ি খালাস করে নেওয়ায় এক্সিম ব্যাংক জুবিলী রোড শাখা ৩ কোটি ১১ লাখ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ র্যাবকে জানিয়েছে।
র্যাব কর্মকর্তা বলেন, অসাধু ব্যবসায়ীরা ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত ৩৩টি গাড়ি ছাড় করিয়েছে।
তিনি জানান, এই ঘটনায় সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ ও শিপিং এজেন্টের কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এমএআর/এমএসবি/১৮৫৪ ঘ.
bdnews24