২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্টুনিস্ট আরিফুরকে মামলা থেকে অব্যাহতি দিতে আবেদন

প্রথম আলোর রম্য সাপ্তাহিক 'আলপিন' এর কার্টুনিস্ট আরিফুর রহমানকে মামলা থেকে অব্যাহতি দিতে আবেদন করেছেন তার আইনজীবীরা। আদালত এ বিষয়ে আগামী ২৫ ফেব্র"য়ারি আদেশের দিন নির্ধারণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 12:24 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম আলোর রম্য সাপ্তাহিক 'আলপিন' এর কার্টুনিস্ট আরিফুর রহমানকে মামলা থেকে অব্যাহতি দিতে আবেদন করেছেন তার আইনজীবীরা। আদালত এ বিষয়ে আগামী ২৫ ফেব্র"য়ারি আদেশের দিন নির্ধারণ করেছে। হযরত মুহম্মদ (সঃ) কে কটাক্ষ করে কার্টুন আঁকার অভিযোগে গত বছরের ১৮ সেপ্টেম্বরে আরিফুরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর দুদিন পর তার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করেন তেজগাঁও থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জানে আলম। মামলায় আরিফুরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ করা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মঙ্গলবার অভিযোগ গঠনের ধার্য দিনে মামলা থেকে আরিফুরকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন ব্যারিস্টার সারা হোসেন। আবেদনের শুনানিতে তিনি বলেন, "আরিফুর অভিযুক্ত কার্টুনটি 'আলপিন' কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছিলেন মাত্র। কিন্তু তা প্রকাশের এখতিয়ার তার ছিল না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যও তার ছিল না। অনিচ্ছাকৃতভাবে কেউ আঘাত পেয়ে থাকলে তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।" শুনানি শেষে মহানগর হাকিম মো. শাহীন উদ্দিন আগামী ২৫ ফেব্র"য়ারি এ বিষয়ে আদেশের তারিখ নির্ধারণ করেন। এদিকে, ফৌজদারি বিধি অনুযায়ী আদালতে করা নালিশি ধরনের এ মামলায় প্রতিটি ধার্য তারিখে বাদির হাজির হওয়ার নিয়ম রয়েছে। কিন্তু মামলার নথি পর্যবেক্ষণে দেখা গেছে, পুলিশ কর্মকর্তা মো. জানে আলম একদিনও আদালতে যাননি। আরিফুর রহমান এখন কারাগারে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমআই/১৮২২ ঘ.