সাভার, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলার আশুলিয়া ও ভাকুর্তা ইউনিয়ন থেকে মঙ্গলবার দুই যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়ার চিত্রসাইল এলাকার রহিম মাদবরের বাঁশ ঝাড় থেকে উদ্ধার করা হয় নুর ইসলামের (২৩) লাশ। তিনি জামগড়ার পলমল গার্মেন্টসের নিটিং অপারেটর। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তার বাড়ির ভাড়াটিয়া মাছ ব্যবসায়ী আহম্মদ আলীকে (৫৫) আটক করেছে।
ভাকুর্তা ইউনিয়নের মুগরাকান্দা এলাকার রনি ব্রিকস্ ফিল্ডের কাছ থেকে অজ্ঞাত অপর এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
এই ব্যাপারে সাভার ও আশুলিয়া থানায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮ টার দিকে চিত্রসাইল এলাকার লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বেলা ১১ টার দিকে রহিম মাদবরের বাঁশ ঝাড় থেকে জবাই করা লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত নুর ইসলাম (২৩) পলমল গার্মেন্টসের নিটিং অপারেটর। তিনি একই এলাকার মৃত মোন্তাজ মিয়ার ছেলে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নুর ইসলামের বাড়ির ভাড়াটিয়া মাছ ব্যবসায়ী আহম্মদ আলী (৫৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মিজানুর রহমান আরও জানান, সোমবার সন্ধ্যায় ওই এলাকার গণেশ (২৪) নামের এক যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। গণেশকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করতে পারলে এ হত্যা কাণ্ডের আসল রহস্য জানা সম্ভব হবে।
নিহতের বড় ভাই তাজুল ইসলাম জানান, দুই ভাই এক বোনের মধ্যে নুর ইসলাম ছিলেন সবার ছোট। সোমবার রাত সাড়ে ৭টার দিকে পাশের বাড়ির গণেশসহ আরও কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি আর বাসায় ফিরে আসেননি।
সাভার থানার উপ-পরিদর্শক মীর বাছিরুল আলম জানান, ভাকুর্তা ইউনিয়নের মুগরাকান্দা এলাকার ইটভাটা রনি ব্রিকস ফিল্ডের কাছে জবাই করা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহতের পরনে ছিল সাদা সোয়েটার, জিন্স প্যান্টস ও প্রিন্টেড শার্ট। হত্যাকাণ্ডের স্থান দেখে ধারণা করা হচ্ছে অজ্ঞাত এই যুবককে অন্য কোথাও ছুরিকাঘাত ও জবাই করে লাশটি ওই জায়গায় ফেলে গেছে হত্যাকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৪ ঘ.
bdnews24