বগুড়া, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সংলগ্ন যমুনায় ছয় দিন আগে নৌকাডুবিতে নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া চর থেকে আব্দুল আহাদ (৫০) ও আব্দুল গফুর(৫৫) নামে এ দুজনের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
গত ২৩ জানুয়ারি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নান্দিনার চরের কাছে যমুনা নদীতে ঝড়ো হাওয়ায় একটি নৌকা উল্টে যায়। আব্দুল জব্বার নামে এক জনের লাশ সেদিনই উদ্ধার করা হয়। মঙ্গলবার দুই জনের লাশ পাওয়া গেল। নৌকার ১১ আরোহী এখনও নিখোঁজ রয়েছে। তারা সবাই দিনমজুর।
সিরাজগঞ্জের কাজীপাড়া উপজেলার কর্নিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান কাজী মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার সকালে নাটুয়ারপাড়া চর থেকে আহাদ এবং খাশরাজবাড়ি চর থেকে গফুরের লাশ উদ্ধার করা হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আজিমউদ্দিন জানান, নৌকাডুবিতে নিখোঁজ দুই দিনমজুরের লাশ পাওয়া গেছে। ওই নৌকার ১১ আরোহীর সন্ধান এখনও মেলেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/এমআই/১৩৫৩ ঘ.
bdnews24