ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিকরা যাতে বাংলাদেশী শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে সেজন্য ব্যাংকের মাধ্যমে তাদের মজুরি পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে আবুধাবি সরকার। এ ছাড়া বিদেশি শ্রমিকদের কিছু স্বাস্থ্য সেবাও দেবে দেশটি।
সোমবার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। গত ২২ ও ২৩ জানুয়ারি আবুধাবিতে 'কলম্বো প্রসেস' এর বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। কলম্বো প্রসেস হলো জনশক্তি আমদানি ও রপ্তানিকারক দেশগুলোর একটি ফোরাম। সভায় ২০টি দেশ অংশ নেয় যার মধ্যে ১১টি ছিল জনশক্তি রপ্তানিকারক দেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বলেন, "বৈঠকে আবুধাবির পররাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন, আবুধাবি কর্তৃপক্ষ বাংলাদেশী কর্মীদের বেতন ব্যাংকের মাধ্যমে পরিশোধ করবে।" এর ফলে শ্রমিকদের ওপর বৈষম্য কিছুটা হলেও কমবে বলে মনে করেন উপদেষ্টা।
ওই বৈঠকটির সমন্বয়কের দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। শ্রমশক্তি আমাদানি ও রপ্তানিতে কী ধরনের সমস্যা মোকাবেলা করতে হয় তা জানতেই বৈঠকটির আয়োজন করা হয়। নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শ্রমিকদের ওপর বৈষম্যমূলক আচরণের অনেক অভিযোগ রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, শ্রমিকদের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশের সুবিধাও দেবে আবুধাবি সরকার। তিনি বলেন, "বৈঠকে কর্মীদের নূন্যতম মজুরিসীমা নির্ধারণের বিষয়ে সুপারিশ করেছি আমি।"
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ৭ লাখ বাংলাদেশী বসবাস করে। গত বছর তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল ১০ লাখ ডলার।
বৈঠকে অংশ নিয়েছিল আফগানিস্তান, বাহরাইন, বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম ও ইয়েমেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২১২৬ ঘ.
bdnews24