জয়পুরহাট, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে মুহিবুল হত্যা মামলার রায়ে তিনজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আ. হামিদ এ দণ্ডাদেশ দেন।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেবচণ্ডি গ্রামের ফারাজ উদ্দীন ওরফে জীবন (৩০), বগুড়া সদর উপজেলার আটাপাড়া গ্রামের সজীব (২৮) ও বগুড়া উপশহর রেস্ট হাউজ এলাকার আলাউদ্দীন (২৪)।
এছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেবচন্ডি গ্রামের হানিফ (১৮) ও বগুড়ার উত্তর কাটনার পাড়া এলাকার দেলোয়ার হোসেনকে (৩২) দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।
২০০৫ সালের ১ মে রাতে বগুড়া উপশহর থেকে একটি প্রাইভেট কারে করে আসামিরা মুহিবুলকে জয়পুরহাট শহরের বুলুপাড়ার একটি কচু ক্ষেত্রে নিয়ে গিয়ে উপুর্যপরি ছুরিকাঘাতে হত্যা করে। পালিয়ে যাওয়ার সময় জয়পুরহাট শহরের রেলক্রসিং থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ওই বছর ৭ আগস্ট তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নুরুল ইসলাম ওই পাঁচজনকে আসামি করে বিভিন্ন ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোমবার রায় দেয়।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি আব্দুর রহমান এবং আসামি পক্ষে ছিলেন বগুড়ার সাবেক পিপি অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, নন্দ কিশোর আগরওয়ালা ও পবন কুমার আগরওয়ালা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/১৬৩৯ ঘ.
bdnews24