ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় কারাবন্দি সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ এবং সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে।
দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম গোলাম রাব্বানী এ মামলায় মওদুদ আহমেদ ও মোশাররফ হোসেনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এসএম সাহিদুর রহমান রোববার আদালতে ওই আবেদন করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, ফেনী, ছাতক ও কামতা গ্যাস ক্ষেত্রে গ্যাস উত্তোলনের কাজ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নাইকো রিসোর্সেসকে দেওয়ার অভিযোগে খালেদা জিয়া, মওদুদ আহমেদ, প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনসহ কয়েক জনের বিরুদ্ধে একটি মামলা হয়। তদন্তের স্বার্থে মওদুদ আহমেদ ও মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
দুর্নীতির মাধ্যমে নাইকোকে কাজ দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মাহবুবুল আলম বাদি হয়ে গত ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব খোন্দকার শহীদুল ইসলাম এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
নাইকো সংক্রান্ত দুর্নীতির অভিযোগে একইদিন শেখ হাসিনার বিরুদ্ধেও একটি মামলা হয়। দুদকের উপ-পরিচালক সাব্বির হাসানের দায়ের করা ওই মামলার অপর আসামিরা হলেন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. এস এ সামাদ, সাবেক জ্বালানি সচিব ড. তৌফিক ই এলাহী চৌধুরী ও এম আকমল হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ও কাশেম শরীফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬১৮ ঘ.
bdnews24