২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু: তিন জেলায় আট হাজার হাঁস-মুরগি নিধন

নেত্রোকোনা, নীলফামারী ও দিনাজপুরের যেসব এলাকায় বার্ড ফ্লু সংক্রমণ ঘটেছে সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। বার্ড ফ্লু সনাক্তের প্রতিবেদন পাওয়ার পর পরই আক্রান্ত খামার ও এলাকার বাসিন্দাদের হাঁস-মুরগি নিধন করে মাটি চাপা দেওয়া হচ্ছে। এই তিন জেলায় আক্রান্ত খামার ও আশপাশের এলাকায় প্রায় আট হাজার হাঁস-মুরগি, কবুতর নিধন ও ডিম ধ্বংস করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রোকোনা, নীলফামারী ও দিনাজপুরের যেসব এলাকায় বার্ড ফ্লু সংক্রমণ ঘটেছে সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। বার্ড ফ্লু সনাক্তের প্রতিবেদন পাওয়ার পর পরই আক্রান্ত খামার ও এলাকার বাসিন্দাদের হাঁস-মুরগি নিধন করে মাটি চাপা দেওয়া হচ্ছে। এই তিন জেলায় আক্রান্ত খামার ও আশপাশের এলাকায় প্রায় আট হাজার হাঁস-মুরগি, কবুতর নিধন ও ডিম ধ্বংস করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- নেত্রকোনা: জেলা প্রশাসন, পশুসম্পদ বিভাগ, সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে শনিবার রাতে খামারী ওয়াজেদ আলী বাড়ির এক কিলোমিটার এলাকার মধ্যে আবুল কাসেম, রমজান আলী ও সাইফুলের মালিকাধীন খামারসহ এলাকার বাসিন্দাদের হাঁস-মুরগি, কবুতর মেরে মাটি চাপা দেওয়া হয়েছে। গত ২২ জানুয়ারি ওয়াজেদ আলীর খামারের ৫০টি মুরগি মারা যাওয়ার পর মৃত মুরগির আঞ্চলিক পশু রোগ ও অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়। পরদিন আরও কিছু মুরগি মারা যাওয়ায় পর আলামত ঢাকা কেন্দ্রীয় পশু রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠায় জেলা পশুসম্পদ বিভাগ। পরীক্ষায় বার্ড ফ্লু ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া যায়। এ ব্যাপারে জেলা পশুসম্পদ কর্মকর্তা তমিজ উদ্দিন আহম্মেদ জানান, বার্ড ফ্লু ভাইরাস সংক্রণের বিষয়টি নিশ্চিত করে পাঠানো প্রতিবেদন হাতে পাওয়ার পর পরই আক্রান্ত এলাকার এক কিলোমিটারের মধ্যে নিধন কার্যক্রম চালানো হয়। প্রায় তিন হাজার হাঁস-মুরগি ও কবুতর নিধন করা হয়েছে বলে তিনি জানান। জেলা প্রশাসক আয়াত উল্যা মজুমদার জানান, বার্ড ফ্লু'র ব্যপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য দশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। নেত্রকোনা পোল্ট্রি ফার্ম অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক রেজভি খালেদ খান টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা সদরের প্রায় তিন হাজার ছোট-বড় মুরগির খামার আছে। জেলায় বার্ড ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়ার খবরে খামার মালিকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ইতোমধ্যে মুরগি ও ডিমের দাম অর্ধেক কমে গেছে। ক্রেতারা হাঁস-মুরগি, কবুতর এবং ডিম ক্রয় করার আগ্রহ দেখাচ্ছেন না। নীলফামারী: জলঢাকা উপজেলার পৌর এলাকায় শনিবার রাতে দুটি খামারের তিন হাজার ৪৯০টি মুরগিসহ এক কিলোমিটার এলাকার প্রায় চার হাজার হাঁস, মুরগি, কবুতর ও ডিম মাটিতে পুঁতে ফেলা হয়েছে। জেলা পশুসম্পদ কার্যালয় জানায়, জলঢাকার কলেজপাড়া এলাকার ইকবাল কবীর চৌধুরীর চৌধুরী পোল্টি ফার্মের লেয়ার ও একই এলাকার মিলনুর রহমানের ভাই ভাই ফার্মের ব্রয়লার মুরগির নমুনা পরীক্ষার জন্য গত ২৫ জানুয়ারি গাইবান্ধার আঞ্চলিক পশুরোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়। এর পর ওই নমুনা ঢাকায় পাঠানো হয়। ঢাকার গবেষণাগার কর্তৃপক্ষ বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে এবং এ ব্যপারে একটি ফ্যাক্সবার্তা পাাঠায়। শনিবার ফ্যাক্স বার্তা পাওয়ার পর রাতেই চৌধুরী ফার্মের তিন হাজার ৫৮টি ও ভাই ভাই ফার্মের ৪৩২টি মুরগি নিধন করা হয়। এ ছাড়াও বার্ড ফ্লু'তে আক্রান্ত এক কিলোমিটার এলাকার আরও ৪২টি পরিবারের মুরগি, হাঁস, কবুতর ও ডিম মাটিতে পুঁতে ফেলা হয়েছে। জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. সেকেন্দার আলী জানান, ক্ষতিগ্রস্থ মালিকদের মুরগি ৮০ টাকা, বাচ্চা ১৫ টাকা, হাঁস ৬০ টাকা, কবুতর ৫০ টাকা ও ডিম ৩ টাকা হারে ক্ষতিপুরণ দেওয়া হবে। জেলা প্রশাসক খন্দকার মোখলেছুর রহমান জানান, ভারত থেকে যাতে কোনো পোল্ট্রি পণ্য সীমান্ত পেরিয়ে দেশে আসতে না পারে এজন্য ডিমলা ও ডোমার উপজেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গোটা জেলায় বিশেষ সতর্কাবস্থা অবলম্বন করতে বিডিআর ও পুলিশকে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ রাইফেল্স রংপুর সেক্টর হেড কোয়াটারের কর্মকর্তা মেজর শাদ মাহমুদ জানান, বিডিআর সদর দপ্তরের নির্দেশে পঞ্চগড় থেকে কুড়িগ্রাম পর্যন্ত দীর্ঘ ৮৭৫ কিলোমিটার সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা অবলম্বন করা হয়েছে। সীমান্ত পথে ভারত থেকে যাতে কোন পোল্ট্রি আইটেম দেশে আসতে না পারে এজন্য ওই পদক্ষেপ নেওয়া হয়। দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর, হাকিমপুর, সদর উপজেলার পর এবার বিরল উপজেলার দুটি গ্রামে বার্ড ফ্লু সনাক্ত হয়েছে। শনিবার রাতে বিরল উপজেলার দুটি গ্রামে বার্ড ফ্লু প্রতিরোধ কমিটি অভিযান চালিয়ে এক হাজার ১৯৫টি মুরগি, ১০৯টি হাঁস, একটি কবুতর ও ৩৭৭টি ডিম নিধন করেছে। জেলা পশু সম্পদ কর্মকর্তা এ কে এম নুরুজ্জামাল খাঁন জানান, বিরল উপজেলার শিবপুর গ্রামে আতউর রহমান মাস্টারের বাড়িতে কিছু মুরগি মারা যাওয়ার পর ২৪ জানুয়ারি মৃত মুরগির নমুনা জয়পুরহাট পশু গবেষণাগারে পাঠানো হয়। এরপর গবেষণা প্রতিবেদনসহ সেটি ঢাকার সাভারে পাঠানো হয়। সাভার থেকে গত ২৬ জানুয়ারি বার্ড ফ্লু সনাক্তকরণ সংক্রান্ত ফ্যাক্স বার্তা এসে পৌঁছালে ওই দিন রাতেই শিবপুর ও রতনৈর গ্রামের এক কিলোমিটার এলাকার ১৮৭টি পরিবারের বসতবাড়িতে অভিযান চালিয়ে হাঁস-মুরগি নিধন করা হয়। ১৯ জানুয়ারি সদর উপজেলার রাজবাড়ী, কাঁটাপাড় ও রাজারামপুর এলাকার তিনটি খামার এবং ২৪ জানুয়ারি রাজবাটী এলাকার আরও ৭টি খামারসহ ১৭৮টি পরিবারের হাঁস-মুরগি নিধন করা হয়। দিনাজপুরে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় জেলা প্রশাসন এর পক্ষ থেকে হাট-বাজারে হাঁস-মুরগি ও ডিম বেচা-কেনা বন্ধের অনুরোধ জানানো হয়েছে। এর পাশাপাশি সীমান্তে নজরদারির বাড়ানোর জন্য বিডিআরকে অনুরোধ জানানো হয়। বার্ড ফ্লু সংক্রমণের খবর ছড়িয়ে পড়ার পর বাজারে হাঁস-মুরগি ও ডিম আমদানি কমে যাওয়ায় দাম বেড়ে গেছে। শহরের এন এ মার্কেটে শনিবার ব্রয়লার মুরগি প্রতি কেজি ৯৫ থেকে ১০০ টাকা এবং দেশি মুরগি ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে। আগে ব্রয়লার প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা এবং দেশি মুরগি ১২০ টাকা দরে বিক্রি হতো। এ ব্যাপারে জেলা প্রশাসক এ.এম সাইফুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজারে হাঁস-মুরগি ও ডিম বেচা-কেনা বন্ধের জন্য মাইকিং করা হয়েছে। তবে কেউ যদি এরপরও হাঁস-মুরগি বেচা-কেনা করে তবে জোরপূর্বক বন্ধ করা সম্ভব নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২০৫২ ঘ.